প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১:২২ পিএম
ছবি-যাযাদি পিরোজপুরের জিয়ানগরে প্রধান মন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ এবং উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) জিয়ানগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউর রহমান রুবেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।
অনুষ্ঠানে প্রধান মন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১২০টি অসহায় পরিবারের প্রত্যেককে ২ হাজার টাকা করে এবং আরও দুটি পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
এ ছাড়া সংসদ সদস্য মাসুদ সাঈদীর ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মহিউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা কর্মপরিষদ সদস্য মো. হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের বর্তমান আমির মাওলানা আলী হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুলসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষক এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, “আসুন, আমার কোনো ভুল হলে আমাকে বলুন, আমি নিজেকে শুধরে নেব। ভালো কাজে সহযোগিতা করুন। তা না হলে একসময় আপনাদের রাজনীতি হারিয়ে যাবে। রাজনীতি হোক দেশ ও মানুষের কল্যাণে।”
তিনি দেশ ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।