মোহনপুরে সার ডিলার নিয়োগের ফল পুনর্বিবেচনা চেয়ে আবেদন

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর মোহনপুর উপজেলার ৬ নম্বর জাহানাবাদ ইউনিয়নে সার ডিলার নিয়োগের চূড়ান্ত ফলাফল পুনর্বিবেচনা, পরবর্তী কার্যক্রম স্থগিত ও নিরপেক্ষ পুনঃতদন্তের দাবি

2026-10-18T20:27:30+06:00
2026-10-18T20:27:30+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মোহনপুরে সার ডিলার নিয়োগের ফল পুনর্বিবেচনা চেয়ে আবেদন
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:২৭ পিএম  
ছবি-যাযাদি
রাজশাহীর মোহনপুর উপজেলার ৬ নম্বর জাহানাবাদ ইউনিয়নে সার ডিলার নিয়োগের চূড়ান্ত ফলাফল পুনর্বিবেচনা, পরবর্তী কার্যক্রম স্থগিত ও নিরপেক্ষ পুনঃতদন্তের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন ডিলারপ্রত্যাশী ফিরোজ আহমেদ। রোববার ১৮ অক্টোবর দেওয়া আবেদনে তিনি নির্বাচিত ডিলারের যোগ্যতা, গুদামঘরের উপযোগিতা এবং নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
 
আবেদনকারী ফিরোজ আহমেদ উপজেলার ৬ নম্বর জাহানাবাদ ইউনিয়নের বাসিন্দা এবং মেসার্স মা ট্রেডার্সের স্বত্বাধিকারী। আবেদনে তিনি জানান, ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত সার ডিলার নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করেন। আবেদনের সঙ্গে ভাড়ার চুক্তিনামা, গুদামঘরের দালিলিক প্রমাণসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন।
 
তিনি আরও উল্লেখ করেন, গত ১৭ সেপ্টেম্বর মোহনপুর উপজেলা থেকে আসা তদন্তকারী কর্মকর্তারা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যবসায়িক কাগজপত্র ও গুদামঘর সরেজমিনে পরিদর্শন করেন।
 
আবেদনে বলা হয়, ৭ অক্টোবর ২০২৬ তারিখে সার ডিলার নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশের পর জাহানাবাদ ইউনিয়নের জন্য মোঃ মজিবর রহমানের মালিকানাধীন মেসার্স মৃধা ট্রেডার্স, তাহেরপুর-পাকুড়িয়াকে নির্বাচিত করা হয়েছে বলে তিনি জানতে পারেন। এরপর নিয়োগপ্রক্রিয়ার মূল্যায়ন ও নির্বাচিত প্রার্থীর যোগ্যতা নিয়ে আপত্তি তোলেন তিনি।
 
ফিরোজ আহমেদের দাবি, তাঁর গুদামঘর নির্বাচিত প্রতিষ্ঠানের গুদামঘরের তুলনায় বড়। নীতিমালায় নির্ধারিত শর্ত পূরণের বিষয়টি যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে কি না, তা পুনরায় যাচাই করা প্রয়োজন। এ ছাড়া নির্বাচিত প্রার্থীর পারিবারিক তথ্য গোপন এবং বয়সসংক্রান্ত বিষয়েও তিনি আপত্তি জানিয়েছেন। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের দাবি জানান তিনি।
 
আবেদনকারী ফিরোজ আহমেদ  বলেন, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে আবেদনকারীদের দাখিল করা কাগজপত্র, ব্যবসায়িক অভিজ্ঞতা, গুদামঘরের উপযোগিতা এবং তদন্ত প্রতিবেদন পুনরায় যাচাই করা জরুরি।
 
আবেদনে তিনি সার ডিলার নিয়োগের চূড়ান্ত ফলাফল-পরবর্তী সব কার্যক্রম স্থগিত, নির্বাচিত প্রার্থীর যোগ্যতা পুনর্বিবেচনা এবং নিয়োগপ্রক্রিয়ায় কোনো অনিয়ম, পক্ষপাতিত্ব বা নীতিমালার ব্যত্যয় ঘটেছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সব আবেদনকারীর যোগ্যতা পুনর্মূল্যায়ন করে প্রকৃত যোগ্য প্রার্থী নির্বাচনের অনুরোধও জানিয়েছেন তিনি।
 
এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ করেন তাঁর ব্যক্তিগত সহকারী। তিনি জানান, ডিসি স্যার বর্তমানে প্রধানমন্ত্রীর আগমনের বিষয় নিয়ে মিটিং এ ব্যস্ত আছেন। অভিযোগের বিষয়টি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখেন, স্যার মিটিং শেষ করে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবেন।
 
অন্যদিকে, মেসার্স মৃধা ট্রেডার্সের স্বত্বাধিকারী মজিবর রহমান কে মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করে সাংবাদিক পরিচয় শুনে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত