প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:৫১ পিএম
ছবি: যাযাদিফেনীর সোনাগাজীতে মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত দিনমজুর মোহাম্মদ হানিফ (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর পাচ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় রিয়াদ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত হানিফ সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের আবদুল আহাদের ছেলে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়ের বিয়ের খরচের জন্য হানিফ ঘরের আলমারিতে ২০ হাজার টাকা রেখেছিলেন। অভিযোগ রয়েছে, তার ছেলে মেহেরাজ স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে মিলে ওই টাকা চুরি করে খরচ করে ফেলেন। এ ঘটনায় ছেলেকে শাসন করার পাশাপাশি স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে মেলামেশা করতে নিষেধ করেন হানিফ। এতে ক্ষুব্ধ হন তারা।
গত ৯ অক্টোবর শুক্রবার জুমার নামাজ শেষে দুপুর দুই টার দিকে বাড়ি ফেরার পথে হানিফের ওপর হামলা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা বেলায়েত হোসেন মামুন, তার সহযোগী মো. শুভ ও রিয়াদসহ চার থেকে পাচ জন দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরে স্থানীয়রা হানিফকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় আটক রিয়াদের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপের তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।