প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৯:৩৮ পিএম
ছবি: যাযাদিশারদীয় দুর্গোৎসব উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পায়ে হেঁটে পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের আনন্দে অংশ নেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপের আয়োজক, ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন ডেপুটি স্পিকার। আয়োজকদের আন্তরিক আপ্যায়নে মিষ্টিমুখ করে তাঁদের সঙ্গে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করেন তিনি। এ সময় বিভিন্ন মণ্ডপের প্রতিমা, সাজসজ্জা ও পূজার আয়োজন ঘুরে দেখেন।
পৌর শহরের ঋষিপাড়া পূজামণ্ডপে ঋষি সম্প্রদায়ের শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ছিল পরিদর্শনের অন্যতম আকর্ষণ। ডেপুটি স্পিকারের উপস্থিতিতে শিশুরা আনন্দে মেতে ওঠে। তিনি তাদের সঙ্গে কথা বলেন এবং মিষ্টিমুখের মাধ্যমে উৎসবের আনন্দ ভাগ করে নেন। শিশুদের অভিভাবকেরাও তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপে এ সময় ঢাকের বাদ্য, ভক্তদের প্রার্থনা এবং পরিবার-পরিজন নিয়ে প্রতিমা দর্শনে আসা মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। ডেপুটি স্পিকারের পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ব্যারিস্টার কায়সার কামাল ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। দুর্গাপুর ও কলমাকান্দার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য অটুট থাকুক, এমন প্রত্যাশা স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদেরও।