প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৯:০৩ পিএম
ছবি: যাযাদিচট্টগ্রামের সাতকানিয়ায় জমি নিয়ে বিরোধ ও বিদ্যুতের তার চুরির ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে আহমদ হোসেন (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা আকিব হোসেন (২৫) ও তার বাবা ফরিদ হোসেনকে আটক করেছে পুলিশ। আহত আহমদ হোসেন বর্তমানে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মলিয়ারকুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত আহমদ হোসেন ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক জমি নিয়ে আহমদ হোসেনের সঙ্গে তার বড় ভাই ফরিদ হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর মধ্যে প্রায় এক সপ্তাহ আগে ফরিদের বড় ছেলে আতিকের বিরুদ্ধে এলাকার কয়েকজনের বাড়ির বিদ্যুৎ সঞ্চালন লাইনের সার্ভিস তার চুরির অভিযোগ ওঠে। স্থানীয় বিভিন্ন স্থানে স্থাপিত সিসি ক্যামেরায় এ ঘটনা ধরা পড়ে বলে এলাকাবাসী জানান।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী আতিককে আটক করতে তাদের বাড়িতে যান। এ সময় চাচা আহমদ হোসেন এলাকাবাসীর পক্ষে কথা বললে ফরিদ ও তার ছেলে আকিব ক্ষিপ্ত হন বলে অভিযোগ রয়েছে। পরে তারা আহমদ হোসেনের বসতঘর ভাঙচুর করেন। আহমদ হোসেন ও তার পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে আকিব তার চাচার পেটে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে।
পরে স্থানীয়রা আহত আহমদ হোসেনকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে এলাকাবাসী ফরিদ হোসেন ও তার ছেলে আকিবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয় ইউপি সদস্য আবদুস শুক্কুর জানান, ফরিদের দুই ছেলের বিরুদ্ধে মাদক সেবন ও এলাকার বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার দাবি, এলাকায় প্রায়ই বৈদ্যুতিক তারসহ বিভিন্ন জিনিস চুরির ঘটনা ঘটছে এবং এসব ঘটনায় ওই দুই ভাই জড়িত।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বাবা-ছেলেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাচাকে ছুরিকাঘাতের ঘটনায় আকিব ও তার বাবাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানিয়েছে।