প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:৩৬ পিএম
ছবি: যাযাদিগাজীপুরের শ্রীপুরে দরজা ভেতর থেকে লাগানো একটি কক্ষ থেকে আশিক মিয়া (৩৫) নামে এক টাইলস মিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্গন্ধের উৎস খুজতে গিয়ে বাড়ির মালিক জানালা দিয়ে মরদেহটি দেখতে পান। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অপেক্ষা রয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার ফরিদপুর গ্রামের ফজলুল হকের বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আশিক মিয়া ময়মনসিংহের ভালুকা উপজেলার খাওরাইল গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি ওই বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া থাকতেন এবং বিভিন্ন এলাকায় টাইলসের কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা ও বাড়ির মালিকের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় দুই বছর ধরে আশিক পরিবার নিয়ে ওই বাড়িতে বসবাস করছিলেন। দুর্গাপূজার ছুটিতে বাড়ির মালিক গ্রামের বাড়িতে যান। এর মধ্যে বেশ কয়েক দিন ধরে আশিকের ঘরটি তালাবদ্ধ ছিল।
বৃহস্পতিবার সকালে বাড়িতে ফিরে দুর্গন্ধ পান বাড়ির মালিক ফজলুল হক। দুপুরের দিকে দুর্গন্ধ বাড়তে থাকলে তিনি এর উৎস খুঁজতে শুরু করেন। একপর্যায়ে জানালা দিয়ে উঁকি দিয়ে ঘরের ভেতরে আশিকের মরদেহ দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন।
ফজলুল হক বলেন, মরদেহ দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। আশিকের পরিবারে কলহ চলছিল বলেও তিনি জানতে পেরেছেন বলে জানান।
নিহতের বাবা আব্দুল কাদির বলেন, কয়েক দিন আগে আশিকের স্ত্রী ঝগড়া করে সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। পাচ দিন আগে ছেলের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়েছিল। এরপর বৃহস্পতিবার ছেলের মরদেহ উদ্ধারের খবর পান তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম যায়যায়দিনকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘরের দরজা ভেতর থেকে লাগানো থাকায় প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করা হচ্ছে। দরজা কেটে মরদেহ বের করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।