প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১:১৫ এএম
ছবি- যাযাদি চট্টগ্রামের সাতকানিয়ায় শহীদ মুহাম্মদ আনোয়ার হোসাইন এর ৩১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতকানিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ডি এম আসহাব উদ্দিন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রশিবির সভাপতি মুজাম্মেল হোসেন আবীর। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি জিল্লুর রহমান ও অফিস সম্পাদক ইয়াসিন আরাফাত।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি মো. আইয়ুব আলী, জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল এবং উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হক।
আলোচনা সভায় বক্তারা শহীদ মুহাম্মদ আনোয়ার হোসাইনসহ শহীদদের স্মৃতিচারণ করেন। একই সঙ্গে শহীদদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান তাঁরা।
বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।