প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৩.১০.২০২৬ ৪:৩০ পিএম (প্রিন্ট সংস্করণ)

তিন দশকের বেশি সময় গিটারের সুরে দেশের বহু শিল্পীর গানের সঙ্গী হয়েছেন রাসেল খান। কখনো কখনো মঞ্চে নিজেও গান গাইতেন। সংগীত অঙ্গনের পরিচিত ও প্রিয় এই মুখ আর নেই। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৫২ বছর। মিডল ইস্টকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন যন্ত্র সংগীত শিল্পী আজমীর বাবু। জানা গেছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন রাসেল খান। গতকাল সকালে বড় বোনের বাসার বাথরুমে অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে চিকিৎসক এসে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, তার স্ট্রোক হয়েছিল। গিটারবাদক হিসেবে দীর্ঘ সংগীত জীবনে দেশের প্রথম সারির প্রায় সব সংগীত শিল্পীর সঙ্গে বাজিয়েছেন রাসেল খান। মঞ্চে শিল্পীদের গানের সঙ্গে তার গিটারের সুর ছিল চেনা অনুষঙ্গ। গিটার বাজানোর পাশাপাশি মাঝে মধ্যে নিজেও কণ্ঠে তুলে নিতেন গান। ১৩ অক্টোবর মানিকগঞ্জের একটি অনুষ্ঠানে গিটার বাজিয়েছিলেন তিনি। সেটিই ছিল তার শেষ মঞ্চ পরিবেশনা। রাসেল খানের মৃত্যুর খবরে সংগীত অঙ্গনে শোক নেমে এসেছে। ফেসবুকে শোক জানাচ্ছেন সহকর্মী, শিল্পী ও শুভানুধ্যায়ীরা। এক সঙ্গে কাজের স্মৃতি তুলে ধরে তাকে স্মরণ করছেন অনেকে।