
সাউথ ইনডিয়ান মুভির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা মনে করেন, অভিনয়ের প্রয়োজনে সবকিছুতেই রাজি হতে হবে— এমন কোনো বাধ্যবাধকতা নেই। চরিত্রের প্রয়োজনে বিকিনি বা যেমন তেমন খোলামেলা পোশাক পরার প্রসঙ্গ এলেও নিজের স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত সীমারেখাকে গুরুত্ব দেন তিনি। তবে নিজের আপত্তি হিসেবে ‘না’ করার কথাটি নির্মাতাদের জানানো যে সব সময় সহজ নয়, সেটিও স্বীকার করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে প্রেমিক নয়, স্বামী বিজয় দেবরকোন্ডার সঙ্গে অতিথি হয়ে হাজির হন রাশমিকা। সেখানে নারী চরিত্রের উপস্থাপন, পর্দায় শরীর প্রদর্শন এবং অভিনয় শিল্পীদের নিজেদের অপছন্দের কথা জানানোর স্বাধীনতা নিয়ে কথা বলেন তারা। আলোচনার কেন্দ্রে ছিল রাম চরণের ‘পেদ্দি’ মুভিতে জাহ্নবী কাপুরের চরিত্র ঘিরে তৈরি হওয়া বিতর্ক।
আলোচনায় রাশমিকা জানান, কোনো কোনো চরিত্রের প্রয়োজনে বিকিনি পরার মতো পোশাক লাগতে পারে। কিন্তু এতেও শরীরের অতিরিক্ত অংশ প্রদর্শনে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। বাণিজ্যিক মুভিতে এমন পোশাক পরার পরিস্থিতি তৈরি হতে পারে, যেগুলো অভিনেতার ব্যক্তিগত পছন্দের সঙ্গে পুরোপুরি মেলে না। সে ক্ষেত্রে নিজের সীমারেখা স্পষ্ট করে দেন তিনি।
রাশমিকার ভাষ্য, অধিকাংশ ক্ষেত্রেই তার পছন্দের পরিচালকরা বিষয়টি বুঝতে পারেন এবং তার সিদ্ধান্তকে সম্মান করেন। তাই কাজ বেছে নেয়ার সময় এমন নির্মাতাদের সঙ্গে কাজ করতে চান, যারা অভিনয় শিল্পীর ব্যক্তিগত পছন্দ ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেন।
তবে নিজের আপত্তির কথা জানানো যে সহজ নয়, সেটিও অকপটে স্বীকার করেছেন রাশমিকা। কখনো কোনো দৃশ্য করতে না চাইলে বিজয়ের সঙ্গে আলোচনা করেন তিনি। বিজয়ের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর নিজের সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানাতে সাহস পান।
বিজয়ও মনে করেন, অভিনয় শিল্পীদের পাশে এমন মানুষ থাকা জরুরি, যার তাদের প্রয়োজনে ‘না’ বলার সাহস জোগাবেন। তার কথায়, কোনো মুভিতে চুক্তিবদ্ধ হওয়ার পর অভিনয় শিল্পীদের ওপর এক ধরনের চাপ তৈরি হতে পারে। তাদের মনে করিয়ে দেয়া হয়, তারা অভিনেতা, মুভিতে কাজ করতে রাজি হয়েছেন—তাই চরিত্রের প্রয়োজনে সবকিছু করাই তাদের দায়িত্ব।
এমন পরিস্থিতিতে কেউ নিজের অস্বস্তির কথা জানালে তাকে অপেশাদার হিসেবে বিবেচনা করা হতে পারে। সেই আশঙ্কা থেকেই অনেক অভিনয় শিল্পী আপত্তি থাকা সত্ত্বেও কোনো দৃশ্যে রাজি হয়ে যান। বিজয়ের মতে, এ ধরনের চাপ কমাতে নির্মাতাদের এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে অভিনয় শিল্পীরা নির্দ্বিধায় নিজেদের মত জানাতে পারবেন।
রাশমিকা ও বিজয়ের আলোচনায় উঠে আসা ‘পেদ্দি’ মুভিতে রামচরণের বিপরীতে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। বুচি বাবু সানা পরিচালিত মুভিটি মুক্তির পর জাহ্নবীর চরিত্র অচিয়াম্মার উপস্থাপন নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়।
দর্শকদের একাংশের অভিযোগ, চরিত্রটির ব্যক্তিত্ব, গল্পে তার ভূমিকা ও নিজস্ব সিদ্ধান্তের গুরুত্ব প্রতিষ্ঠার চেয়ে তার শারীরিক সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। কিছু দৃশ্যে ক্যামেরার দৃষ্টিভঙ্গি এবং সংলাপ নিয়েও আপত্তি ওঠে। বিশেষ করে জাহ্নবীর শরীরের নির্দিষ্ট অংশের ওপর বারবার ক্যামেরা কেন্দ্রীভূত করা এবং তার চরিত্রের অনিচ্ছা সত্ত্বেও রামচরণের চরিত্রের চুম্বনের দৃশ্য নিয়ে সমালোচনা হয়। বিতর্কের পর মুভিটির কিছু দৃশ্য সরিয়ে ফেলা হয়।