প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৩.১০.২০২৬ ১০:৪৬ পিএম (প্রিন্ট সংস্করণ)

জনপ্রিয় আমেরিকান টেলিভিশন ধারাবাহিক ‘গ্রোয়িং পেইনস’-এ কেট ম্যালোন চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী বেটি ম্যাকগুয়ার মারা গেছেন। গত ৮ অক্টোবর আমেরিকার ক্যালিফোর্নিয়ার উডল্যান্ড হিলসের মোশন পিকচার এন্ড টেলিভিশন ফান্ডের ওয়াসারম্যান ক্যাম্পাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জীবনের সেঞ্চুরি হাকিয়েছিলেন তিনি। তার বয়স হয়েছিল ১০০ বছর। স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত্যুর খবর নিশ্চিত করেন তার পাওয়ার অফ এটর্নি কিথ গেরচাক।
‘গ্রোয়িং পেইনস’ ধারাবাহিকে প্রায় সাত বছর অভিনয় করেছেন বেটি। ধারাবাহিকটির প্রথম ও দ্বিতীয় মৌসুমের পাশাপাশি চতুর্থ থেকে সপ্তম মৌসুমেও তাকে দেখা গেছে। এতে পরিবারের দাদি কেট ম্যালোন চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি।
দীর্ঘ অভিনয় জীবনে আরো বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে কাজ করেছেন বেটি ম্যাকগুয়ার। এর মধ্যে উল্লেখযোগ্য ‘ফ্যালকন ক্রেস্ট’, ‘দি ডরিস ডে শো’, ‘কলাম্বো’, ‘স্টার ট্রেক: ডিপ স্পেস নাইন’, ‘হিল স্টৃট ব্লুজ’, ‘ইআর’, ‘সিএসআই: মায়ামি’, ‘ম্যাকগাইভার’, ‘মুনলাইটিং’ ও ‘চার্লিস এঞ্জেলস’। মুভিতেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘চিচ এন্ড চং’স আপ ইন স্মোক’ এবং ‘কোমা’। মঞ্চ নাটকেও ছিল তার উল্লেখযোগ্য পদচারণা। ব্রডওয়ের ‘প্লেইন এন্ড ফ্যান্সি’, ‘হ্যাপি হান্টিং’ ও ‘ওহ, ক্যাপ্টেন!’ নাটকে অভিনয় করেছেন তিনি। পরবর্তী সময় লাস ভেগাসে ‘মেম’ প্রযোজনায় প্রধান চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া ‘জিপসি’, ‘আন্ট মেম’, ‘অলিভার!’, ‘হাউ টু সাকসিড ইন বিজনেস’ এবং ‘জিগফেল্ড ফলিস অফ ১৯৫৬’সহ বিভিন্ন মঞ্চ নাটকের দল নিয়ে সফর করেছেন।
অভিনয় জীবনের বাইরেও মানুষের পাশে দাড়িয়েছেন বেটি। লস এঞ্জেলেসে নিম্ন আয়ের ভাড়াটিয়াদের উচ্ছেদের বিরুদ্ধে আইনি সহায়তা দেয়া প্রতিষ্ঠান কোয়ালিশন ফর ইকনমিক সারভাইভালের আইনি সহায়তা কেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন তিনি। পাশাপাশি অবসর জীবন কাটানো মানুষের জন্য পরিচালিত একটি আবাসন কেন্দ্রের চ্যানেল ২২-এ ‘গ্যাবফেস্ট’ নামের টক শো উপস্থাপন করেন।
মৃত্যুর সময় বেটি ম্যাকগুয়ারের কোনো জীবিত উত্তরাধিকারী ছিলেন না।