প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৪২ পিএম
প্রতীকী ছবিগোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে রবিবার ৭জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
রোববার গোপালগঞ্জ সদর থানার এস আই মোঃ ফুলমিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় ৯০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তাঁদের মধ্যে ৪০ জনের নাম উল্লেখ এবং ৪০থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন।
এসময় সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় টহলরতঃ পুলিশের একটি দল ওই মিছিলের মুখোমুখি হলে এবং মিছিলটি থামানোর চেষ্টা করলে মিছিলকারীরা লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
এ সময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এতে গোপালগঞ্জ সদর থানার এস আই মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওই কর্মকর্তা।