প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:১২ পিএম
ছবি-যাযাদি ভারতে মোদী সরকারের ইন্ধনে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় গণতান্ত্রীক পার্টি-জাগপা। সোমবার বিকেলে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহসড়কের ধারে মানববন্ধন ও সমাবেশের পর বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সহ সভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, জেলা যুব জাগপার সাধারণ সম্পাদক মোকছেদ আলী, জেলা ছাত্র কাফেলার সভাপতি শাহাদত হোসেন সেলিম, সদর উপজেলা জাগপার সভাপতি আনারুল ইসলাম, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম প্রমূখ।
সমাবেশে জাগপা নেতৃবৃন্দরা বলেন, আসাম থেকে দিল্লি গোটা ভারতে আজ নিপীড়ন ও আগ্রাসন চলছে। আসামে ১১০০ মুসলিম ও দিল্লিতে ৬০০ মুসলিমের ঘর ভেঙে দেওয়া হয়েছে। গোটা ভারত জুড়ে মসজিদ ভাঙা হচ্ছে, উত্তরখণ্ডে মাদ্রাসগুলোর সাপ্তাহিক ছুটি শুক্রবার বাতিল করা হয়েছে। নিজ দেশে সুপরিকল্পিতভাবে মুসলিম নিধনে নেমেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার। নেতৃবৃন্দ আরও বলেন, ভারত সরকার আমাদের সম্প্রীতির সবক শিখায় আর নিজ ভূখণ্ডে মুসলিম নিধন করে। আমরা এই ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ ও রাষ্ট্রীয় নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।