প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১:২৩ পিএম

পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়ির গুইমারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামীর তথ্য ও মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার সেক্রেটারি মিনহাজুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ রফিকুল ইসলাম এবং উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা শামিম ওসমানী।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা মহানবী (সা.)-এর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও মানবতার কল্যাণে কাজ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাজিদুর রহমান, বায়তুলমাল সম্পাদক মুজাহিদুর রহমান, পেশাজীবী বিভাগের সেক্রেটারি শহীদ উল্লাহ, সদর ইউনিট সভাপতি আমিনুল ইসলাম, সেক্রেটারি আবুল হোসেনসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।