প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৬ পিএম

‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’—এমন প্রত্যয়ের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ‘Literacy for People, the Planet and Prosperity’—বাংলায় ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’। ২০২৬ সালে দিবসটির ৬০তম বার্ষিকী পালিত হচ্ছে।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়। তথ্যপ্রযুক্তির ব্যবহার, ডিজিটাল দক্ষতা, বিশ্লেষণী চিন্তা, জীবনমুখী শিক্ষা, পরিবেশ সচেতনতা ও কর্মদক্ষতাও আধুনিক সাক্ষরতার গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রান্তিক জনগোষ্ঠী, নারী, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
আলোচনা সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।