প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ এএম আপডেট: ১৬.০৯.২০২৬ ১০:১০ এএম
সংগৃহীত ছবি যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইসরায়েলের জন্য ২৮০ কোটি ডলারের একটি অস্ত্র প্যাকেজ অনুমোদন করতে যাচ্ছে। এই প্যাকেজের আওতায় ইসরায়েলকে প্রায় ৪০ হাজার বোমা দেওয়া হবে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।
প্রতিবেদন অনুযায়ী, অস্ত্র প্যাকেজটি এখনো চূড়ান্ত হয়নি। এতে ২০ হাজার উচ্চক্ষমতাসম্পন্ন ২ হাজার পাউন্ড ওজনের এমকে-৮৪ বোমা এবং মার্কিন নৌবাহিনী ব্যবহৃত উচ্চক্ষমতাসম্পন্ন সাধারণ উদ্দেশ্যের বিএলইউ-১১৭ বোমা রয়েছে।
বোমার বিভিন্ন ধরনের সংস্করণ রয়েছে। কিছু বোমা মাটির গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৈরি করা হয়েছে। আবার কিছু বোমা মাটির ওপরে বিস্ফোরিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত অস্ত্র চুক্তির বিষয়ে মার্কিন কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। চুক্তির বেশিরভাগ অর্থ বিদেশি সামরিক সহায়তার মাধ্যমে পরিশোধ করা হবে। এই ব্যবস্থায় মার্কিন করদাতাদের অর্থ ইসরায়েলকে দেওয়া হয়। পরে ইসরায়েল সেই অর্থ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের কাছ থেকেই অস্ত্র কিনে থাকে।
ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বিদেশে অস্ত্র বিক্রির সব প্রক্রিয়াই যথাযথ নিয়ম মেনে এগিয়ে নেওয়া হচ্ছে। তবে চলমান নির্দিষ্ট অস্ত্র লেনদেন নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।