প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৬ পিএম
ছবি-যাযাদিঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় পুলিশের বিশেষ চিরুনি অভিযানে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা এলাকায় সুসংগঠিত হয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নানা রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের অপচেষ্টা চালিয়ে আসছিলেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিলেন তারা।
প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে চার জনের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার স্পষ্ট প্রমাণ মিলেছে। বাকি দুই জনকে গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দায়ের হওয়া হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে সাভার ও শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন স্থানে ঝটিকা মশাল ও বিক্ষোভ মিছিল, যানবাহনে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে সার্বিক আইনশৃঙ্খলার উন্নয়নে ও জড়িতদের পাকড়াও করতে পুরো সাভার-আশুলিয়া অঞ্চলে জোরদার চিরুনি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।