প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৮ পিএম
ছবি-যাযাদি লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ব্যস্ত সড়ক ও বাজার এলাকায় ভ্যানগাড়িতে করে যত্রতত্র ফল, সবজি ও তরকারি বিক্রির কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। সড়কের পাশে ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ভ্যান দাঁড় করিয়ে পণ্য বিক্রি করায় সংকুচিত হয়ে পড়ছে যান চলাচলের জায়গা। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, বাজারের মুড়িহাটা মোড়, সাবেক সোনালী ব্যাংক রোড, শহরের প্রধান সড়ক, ওসমান চত্বর এলাকার ব্যস্ত সড়কের পাশে একাধিক ভ্যানগাড়ি দাঁড় করিয়ে ফল, সবজি ও বিভিন্ন ধরনের তরকারি বিক্রি করা হচ্ছে। কোথাও ভ্যানের পাশাপাশি পণ্য সড়কের একাংশে রাখা হয়েছে। এতে ওই অংশ দিয়ে যানবাহন চলাচলে বাধা তৈরি হচ্ছে।
বিশেষ করে সাবেক সোনালী ব্যাংক রোড এবং সাব রেজিস্ট্রার অফিসের সামনে এবং আলিয়া মাদারাসা মোড় এলাকায় একই জায়গায় একাধিক ভ্যান দাঁড়িয়ে থাকায় সড়ক সংকুচিত হয়ে পড়েছে। ব্যস্ত সময়ে যানবাহনের সংখ্যা বাড়লে সেখানে ধীরগতির পাশাপাশি যানজটের সৃষ্টি হচ্ছে। অনেক পথচারীকেও ভ্যান ও যানবাহনের ফাঁক দিয়ে চলাচল করতে দেখা যায়।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে এভাবে ভ্যানগাড়ি দাঁড় করিয়ে পণ্য বিক্রি করায় একদিকে যেমন পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, অন্যদিকে সড়কে তৈরি হচ্ছে অতিরিক্ত চাপ। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
স্থানীয়ভাবে দেখা যায়, নির্দিষ্ট জায়গার পরিবর্তে সড়কের পাশে সুবিধাজনক স্থানে ভ্যান দাঁড় করিয়েই অনেক বিক্রেতা পণ্য বিক্রি করছেন। ফলে একই স্থানে ক্রেতাদের ভিড় তৈরি হওয়ায় যান চলাচলে আরও বিঘ্ন ঘটছে।
শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ভ্যানগাড়ি ও ভ্রাম্যমাণ দোকান নির্দিষ্ট স্থানে রাখার ব্যবস্থা করা গেলে যানজট ও পথচারীদের ভোগান্তি কিছুটা কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।