প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৬ এএম
সংগৃহীত ছবিজাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল বিতর্ক পর্ব শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে।
প্রতিটি সাধারণ পরিষদের অধিবেশনের থাকে একটি নির্দিষ্ট প্রতিপাদ্য। এবারের প্রতিপাদ্য-‘বিশ্বাস পুনরুদ্ধার ও রূপান্তর ব্যবস্থাপনা’।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো নানা বৈশ্বিক সংকট এবার গুরুত্ব পাবে বিশ্বনেতাদের বক্তব্যে। আলোচনা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার নানা দিক নিয়েও। অগ্রাধিকারের তালিকায় বরাবরের মতোই থাকছে জলবায়ু পরিবর্তন।
অন্যতম প্রধান ইস্যু ফিলিস্তিন। ভিসা পাওয়ায় আরেকবার অধিবেশনে সশরীরে থাকছেন না ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ভাষণ দেবেন ভিডিও কনফারেন্সে। তবে নিউইয়র্কে হাজির হয়েই ভাষণ দেবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদের দায়িত্ব শেষ হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। ফলে নতুন মহাসচিব কে হবেন, এবারের সাধারণ পরিষদের অধিবেশনে তা নিয়ে অনানুষ্ঠানিকও আলাপের সম্ভাবনা রয়েছে। সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে এ নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা আছে।
অনেকের জন্য এবারের অধিবেশন হবে জীবনের প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদ। সেই তালিকায় আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি।
বাংলাদেশের জন্য এবারের অধিবেশনে রয়েছে আরও একটি বিশেষ গুরুত্ব। প্রায় চার দশক পর আবারও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।