প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৯ পিএম আপডেট: ২২.০৯.২০২৬ ১১:১৯ পিএম
ছবি-যাযাদি গাজীপুরের শ্রীপুরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর বাজারে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিলের ঘটনায় ৭কর্মীকে আটক করে থানা পুলিশে দিয়েছে বিএনপি। এ ঘটনায় একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটককৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় তর্কের পর বিএনপি কর্মীদের ওপর হামলা হয়েছে। এতে ৬জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) শফিফুল ইসলাম।
এরআগে, সোমবার রাতে গাজীপুর জেলার সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জের নেত্বত্বে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর বাজারের উত্তর পাশে ওই মশাল মিছিল হয়।
এর পরপরই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ৭জনকে আটক করে পুলিশে দেয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
যুবদল নেতা আরিফ সরকারের নেতৃত্বে ধাওয়া দিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় নিষিদ্ধ সংগঠনের সদস্যদের হামলায় বিএনপি ও যুবদলের ছয়জন আহত হয়।
আটককৃতরা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, তাদের কাছ থেকে লাঠি, ব্যানার ও মশাল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে মামলা হওয়ায় মঙ্গলবার দুপুরে অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে।
শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ বলেন,' নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মিছিলের সময় আমাদের বিএনপির কর্মীরা ৭জনকে আটক করে পুলিশে দেয়। এ নিয়ে তর্কের জেরে ওই মিছিলের পরপরই বিএনপির লোকদের ওপর হামলা হয়। এতে কয়েকজন আহত হয়েছে। হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আওয়ামী লীগের লোকজন নিয়ে বিএনপির কিছু ব্যক্তি ওই হামলা করে।'
গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) শফিফুল ইসলাম যায়যায়দিনকে বলেন,' এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। ৭জনকে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় বাকি আসামীদের ধরতে পুলিশের অভিযান চলমান।'