প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৫ পিএম
ছবি- যাযাদি দিনাজপুরের পার্বতীপুরে মনসা মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট পারিবারিক কলহের জেরে ফাল্গুনী রানী (১৯) নামের এক গৃহবধূকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী কনক রায়কে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) সকাল আনুমানিক ১০ টায় ঘটনাটি ঘটেছে।
জানা গেছে,পার্বতীপুর উপজেলার ২ নম্বর মন্মথপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফাল্গুনী রানী ওই গ্রামের কনক রায়ের স্ত্রী এবং তিনি নবকান্ত রায় ও বাসন্তী রানী দম্পতির কন্যা। এই দম্পতির কণিকা রানী রায় নামের পাঁচ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। গ্রেপ্তার কনক রায় একই গ্রামের সরিষা রানীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণপুর গ্রামের মনসা মন্দিরের সামনে পূজা দেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে কনক রায় শাবল দিয়ে ফাল্গুনী রানীকে নির্মমভাবে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয় বলে স্বজনরা জানান। ঘটনার পর নিহতের বাবার বাড়িতে খবর দেওয়া হলে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পাঁচ মাসের শিশুকন্যা কণিকা রানী রায়কে রেখে মায়ের এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ নিহতের স্বামী কনক রায়কে গ্রেপ্তার করেছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে। নিহতের স্বজনরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।