প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪০ পিএম
ছবি-যাযাদিফরিদপুরের ভাঙ্গায় সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে এক কিশোরীর বিরুদ্ধে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আহত ছাত্রের নাম আশিক (১৬)। সে ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ি চরকান্দা গ্রামের ফয়েজ শেখ এর ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সামনে আশিককে দেখতে পেয়ে ওই কিশোরী তার কাছে যায়। একপর্যায়ে সে ছুরি বের করে আশিককে আঘাত করার চেষ্টা করে। এতে আশিক আহত হয়। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়।
অভিযুক্ত হিসেবে পরিচিত কিশোরীর নাম অফসরা (১৩)। সে ভাঙ্গা কলেজপাড়া এলাকার সাইফুল খান এর মেয়ে এবং ভাঙ্গা গার্লস স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
অভিযুক্ত কিশোরী অফসরা বলেন, আশিকের সঙ্গে আমার দুই বছরের সম্পর্ক ছিল। গত এক সপ্তাহ ধরে সে আমাকে প্রত্যাখ্যান করে। আমি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। পরে আজ তাকে পেয়ে আঘাত করার চেষ্টা করি।
ঘটনার একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক কিশোরী ছুরি হাতে এক কিশোরের দিকে এগিয়ে গিয়ে তাকে আঘাত করছে। তবে ভিডিওটির মাধ্যমে ঘটনার পুরো প্রেক্ষাপট নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় আশিকের মা আশা বেগম (৩৫) ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত কারণ নিশ্চিত হওয়া যায়নি।