ইমরান খানের তিন বোন গ্রেফতার

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সোমবার (২১ সেপ্টেম্বর)

2026-09-21T21:17:53+06:00
2026-09-21T21:17:53+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
ইমরান খানের তিন বোন গ্রেফতার
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৭ পিএম  
সংগৃহীত ছবি
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সোমবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। ২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের ঘোষিত বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে মিছিলের আগে তাদের গ্রেফতারের ঘটনা ঘটলো।

ইমরান খানের দল পিটিআইয়ের মুখপাত্র জুলফি বুখারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, পাঞ্জাব পুলিশ আলিম খানের বাড়িতে অভিযান চালিয়েছে ও ইমরান খানের অন্য দুই বোন, তার ভাগনে ও তাদের সন্তানদের তুলে নিয়ে গেছে।

পিটিআইয়ের তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম এএফপিকে বলেন, ইমরান খানের তিন বোন ও তাদের সন্তানদের হেফাজতে নেওয়া হয়েছিল। তবে পরে শিশুদের ছেড়ে দেওয়া হয়।

পরে তিনি জানান, ইমরানের তিন বোন- আলিমা খান, ডা. উজমা খান ও নোরিন খানকে লাহোরের কোট লাখপত কারাগারে পাঠানো হয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে নোরিনকে নোরিন নিয়াজি নামেও উল্লেখ করা হয়েছে।

৩০ দিনের জন্য আটক তিন বোন

পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে তাদের আটক করা হয়। লাহোরের ডেপুটি কমিশনার রোববার (২০ সেপ্টেম্বর) তিন বোনের বিরুদ্ধে পৃথক দুটি আদেশ জারি করেন। ওই আদেশে পাঞ্জাবের মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার বা জনশৃঙ্খলা রক্ষা আইনের আওতায় তাদের ৩০ দিনের জন্য আটক রাখার কথা বলা হয়।

পুলিশের সুপারিশের ভিত্তিতেই ডেপুটি কমিশনার এই আটকাদেশ দেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এরপর উজমা খান ও নোরিন নিয়াজিকে কোট লাখপত কারাগারে পাঠানো হয়, যেখানে তাদের বোন আলিমা খানকেও রাখা হয়েছে।

পাঞ্জাব পুলিশ এ বিষয়ে এএফপির মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

এর আগে রোববার আলিমা খানকে আটক করা হয়। লাহোরের ডেপুটি কমিশনারের ৩০ দিনের আটকাদেশের পর তাকে কোট লাখপত কারাগারে পাঠানো হয়।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, আলিমার দুই ছেলে শাহরেজ খান ও শের শাহকেও সাময়িকভাবে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের বিক্ষোভ

ইমরান খানের দল আগামী ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে মিছিলের ডাক দিয়েছে। দলের দাবি, ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দিতে হবে ও সংবিধানের প্রাধান্য নিশ্চিত করতে হবে।

তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রোববার এই বিক্ষোভের ডাককে অবৈধ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, সরকার কাউকে সড়ক অবরোধ করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে দেবে না।

ইমরান খানের বোনদের আটক ও পিটিআইয়ের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনা ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে ঘিরে সরকার ও পিটিআইয়ের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই ঘটলো। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদে পিটিআইয়ের কর্মসূচি ঠেকাতে প্রশাসনও প্রস্তুতি নিচ্ছে।

পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান আলিমার গ্রেফতারকে পরিস্থিতি আরও খারাপ হওয়ার ‘প্রথম পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, দলটি শান্তিপূর্ণ ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সাংবিধানিক ও রাজনৈতিক দাবি আদায় করতে চায় এবং কোনো ধরনের সংঘাত বা সহিংসতা চায় না।

২০২৩ সাল থেকে কারাগারে ইমরান

ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। গত বছরের শেষদিকে দুর্নীতির মামলায় তাকে ও তার স্ত্রীকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুজনই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

৭৩ বছর বয়সী ইমরান খান পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়কও। ২০১৮ সালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। ২০২২ সালে রাজনৈতিক সংকট ও তার সরকারের সঙ্গে দেশটির শক্তিশালী সামরিক প্রতিষ্ঠানের টানাপোড়েনের মধ্যে অনাস্থা ভোটে তিনি প্রধানমন্ত্রীর পদ হারান।

এরপর থেকেই ইমরান ও পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ তীব্র হয়েছে। তার দল পিটিআই দীর্ঘদিন ধরে ইমরানের বিরুদ্ধে চলা বিভিন্ন মামলাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে। তবে পাকিস্তান সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এসব অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে ইমরানের তিন বোনকে একই সময়ে গ্রেফতারের ঘটনা সামনে আসায় ২৭ সেপ্টেম্বরের পিটিআই কর্মসূচিকে ঘিরে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

সূত্র: ফ্রান্স ২৪
  বিষয়:   ইমরান খান  গ্রেফতার  পাকিস্তান 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত