প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০১ পিএম
সংগৃহীত ছবিসাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১১ ইউনিয়নের সদ্য ঘোষিত বিএনপির কমিটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের অন্তর্ভুক্ত করার গুরুতর অভিযোগ উঠেছে। গত ৬ সেপ্টেম্বর শ্যামনগর উপজেলার ১১টি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। অভিযোগ রয়েছে, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের সহযোগিতায় বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অন্তত ৪৭ জন কর্মীকে কমিটির গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।
স্থানীয় বিএনপির একাধিক প্রবীণ ও ত্যাগী নেতার দাবি, গত ১৬-১৭ বছর ধরে যারা রাজপথে রক্ত দিয়েছেন, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, সদ্য ঘোষিত কমিটিগুলোতে তাদের অবমূল্যায়ন করা হয়েছে।
অভিযোগের সার্বিক বিষয়ে জানতে শ্যামনগর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব আশিক ইলাইহি মুন্নার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউই ফোন রিসিভ করেননি, ফলে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।