প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৩ পিএম
ছবি-যাযাদি নেত্রকোণার মদনে জানাজা নামাজে অংশগ্রহণের সময় চুরি যাওয়া সাংবাদিকের মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে মদন থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আল আক্কাসের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। ওই জানাজায় অংশ নিতে যান মদন উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শামসুল হক চ্যাম্পিয়ন। কবরস্থানের পাশে মোটরসাইকেল রেখে তিনি জানাজায় শরিক হন। নামাজ শেষে ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি সেখানে নেই।
এ ঘটনায় তিনি মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর মদন থানার অফিসার ইনচার্জ মো. সালাহউদ্দিন করিমের সার্বিক তত্ত্বাবধানে এসআই তারা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্য-প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযান পরিচালনা করে। অভিযানে ঈশ্বরগঞ্জ উপজেলার তেঁতুলবাড়ী মূলপাড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে মাজহারুল ইসলাম জয় (২৬) কে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যমতে কেন্দুয়া উপজেলার দরগাহ রোডস্থ আঃ লতিফের চা দোকানের পূর্ব পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
মদন থানার অফিসার ইনচার্জ মো. সালাহউদ্দিন করিম বলেন, "ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।