প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৪ পিএম
ছবি-যাযাদি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড, মোহাম্মদ জিয়াউদ্দিন সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন রাষ্ট্র ও জনগণের উপকার হয় এমন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। সকল কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত বাঞ্ছনীয় । সীমাবদ্ধতা থাকবে।
এরপরও দায়িত্ব পালনে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলার মানসিক প্রস্তুতি রাখা উচিত। বিদ্যুতের সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সোলার প্যানেল প্ল্যান স্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুম অনুষ্ঠিত সভায় বিভাগীয় কমিশনার আরো বলেন, সমন্বিত মনিটনিংয়ের মাধ্যমে সার সংকট মোকাবেলা সম্ভব । এক্ষেত্রে সরকারি অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ের প্রয়োজন। শিক্ষার হার বাড়ানোর জন্য শূন্য পদে শিক্ষক নিয়োগ সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন।
সভায় কক্সবাজারে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক,শামীম আল ইমরান, সহকারী কমিশনার ভূমি আবু আব্দুল্লাহ , উপজেলা প্রকৌশলী তহিদুল আলম , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এহেসান উল্লাহ শিকদার , উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হোসেন, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাইফুর রহিম শাহীন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ তদন্ত কামাল উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম সিরাজী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুক্তাদির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, উপজেলা খাদ্য কর্মকর্তা ফরিদুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডঃ মুহাম্মদ জিয়াউদ্দিন রাজা পালং ইউনিয়ন পরিষদ ও উপজেলা ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শন করেন।