প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩১ পিএম
সংগৃহীত ছবিজিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মীরা শেরেবাংলা নগরে অবস্থিত মাজারে উপস্থিত হয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি মতিয়র রহমান ডিজেল এবং সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামানসহ সংগঠনের শীর্ষ ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জিসাস সভাপতি মতিয়র রহমান ডিজেল বলেন, “কোনো অপশক্তি আমাদের এই ঐক্য বিনাশ করতে পারবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ চালিয়ে যাব।”
তিনি আরও উল্লেখ করেন যে, প্রতিষ্ঠার পর থেকেই জিসাস দেশের সাংস্কৃতিক অঙ্গনে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। আগামীদিনেও সংস্কৃতি চর্চার মাধ্যমে জনগণের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধের উন্মেষ ঘটাতে জিসাসের কর্মীরা সক্রিয় থাকবেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।