প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১:১৯ এএম
সংগৃহীত ছবিসম্প্রতি ঢাকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপার ঘটনায় সৃজনশীল বই প্রকাশক সমিতি ঢাকা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে।
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও বিশ্বসাহিত্যের এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর সাহিত্যকর্ম, সংগীত ও চিন্তাধারা বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে অসামান্য অবদান রেখেছে। তিনি আমাদের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’র রচয়িতা। জাতীয় সংগীত একটি জাতির আত্মপরিচয়, মর্যাদা ও গৌরবের প্রতীক। বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতার প্রতি অবমাননাকর আচরণ তাই কেবল একজন কবির প্রতি অসম্মান নয়, এটি আমাদের জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতিও অবমাননাকর। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
কোনো রাষ্ট্রের রাজনৈতিক ভূমিকা বা নীতির বিরোধিতা এবং সেই রাষ্ট্রের সাহিত্য-সংস্কৃতির প্রতিনিধিত্বকারী কোনো ব্যক্তিত্বের সৃষ্টিকে আক্রমণ করা এক বিষয় নয়। রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিবাদের অধিকার অক্ষুণ্ন রেখেই আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্প-সাহিত্য এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের সমালোচনা কিংবা তাঁর চিন্তার সঙ্গে দ্বিমত পোষণের অধিকার সবার রয়েছে। তবে তা প্রকাশের পথ হতে হবে যুক্তি, আলোচনা ও সুস্থ সাংস্কৃতিক বিতর্ক, কোনোভাবেই অবমাননাকর কর্মকাণ্ড নয়।
সৃজনশীল বই প্রকাশক সমিতি ঢাকা মনে করে, বই, সাহিত্য ও সংস্কৃতি মানুষের মধ্যে মুক্তবুদ্ধি, মানবিকতা ও সহিষ্ণুতার বিকাশ ঘটায়। তাই সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্প-সাহিত্যের নিদর্শনের প্রতি অসম্মান প্রদর্শনের পরিবর্তে যুক্তিনির্ভর আলোচনা ও সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা জরুরি।
আমরা সংশ্লিষ্ট সবাইকে সংযম, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানাই। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আইনের যথাযথ প্রয়োগ প্রত্যাশা করি।