ছবি-যাযাদি শিক্ষা ও গবেষণার সঙ্গে শিল্পখাতের বাস্তব সংমিশ্রণ ঘটানো এবং শিক্ষার্থীদের আধুনিক কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) আয়োজিত হতে যাচ্ছে বিশেষ সেমিনার ও সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি অনুষ্ঠান।
আগামী ৩ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বরে 'The Role of Academia–Industry Collaboration: Research Excellence, Innovation and Industrialization' শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর)বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংবাদ সম্মেলনে সংবাদ বিজ্ঞপ্তির লিখিত বক্তব্য পাঠ করে আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের কথা জানান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ হাসান। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন, রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, সিএসই বিভাগের চেয়ারম্যান সুজিত রায়, প্রভাষক মো: বেলাল হোসেন উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, একই দিন কয়েকটি শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বহুপক্ষীয় সমঝোতা স্মারক সই হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইইই (EEE) এবং ফিশারিজসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিভিত্তিক প্রশিক্ষণ, ব্যবহারিক ইন্টার্নশিপ এবং স্নাতকের শেষ বর্ষে শিল্পপ্রতিষ্ঠানকেন্দ্রিক প্রজেক্ট ও যৌথ গবেষণার সরাসরি সুযোগ পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সম্মানিত সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। সেমিনারের পাশাপাশি তিনি ‘তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আবদুল মজিদ প্রামানিক এবং জাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। এর মধ্যে ডাটা সফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি ইনকর্পোরেশন (DataSoft Manufacturing & Assembly Inc.), পরিবেশ ও সমাজ উন্নয়নে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট (ESDO), পল্লী উন্নয়ন একাডেমি (RDA) বগুড়া এবং ফিশ ফিড খাতের বায়োজিন ও রূপালী হ্যাচারি অন্যতম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডাটা সফটের প্রতিষ্ঠাতা মাহবুব জামান এবং ব্যবস্থাপনা পরিচালক হাসান রহমান রতন উপস্থিত থাকার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন বলেন, "শ্রেণিকক্ষের পাঠদান ও প্রাতিষ্ঠানিক উদ্ভাবনকে বাস্তব বাজারে রূপান্তর করতে শিল্পখাতের সঙ্গে সহযোগিতা অপরিহার্য। উপাচার্য মহোদয়ের নেতৃত্বে জাবিপ্রবিকে গবেষণানির্ভর ও আধুনিক সংস্থায় রূপান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে, এটি তারই একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।"
সহকারী প্রক্টর মোহাম্মদ হাসান শিক্ষার্থীদের সুবিধার বিষয়টি তুলে ধরে বলেন, "শিক্ষার্থীরা যেন চার বছরের শিক্ষা শেষেই ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী প্রস্তুত হতে পারে এবং ইন্টার্নশিপ বা ফাইনাল ইয়ার প্রজেক্টের মাধ্যমেই সরাসরি কর্মসংস্থানের পথ উন্মুক্ত হয়, সে লক্ষেই এই পদক্ষেপ।"
বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে, এ উদ্যোগের মাধ্যমে জাবিপ্রবি কেবল জ্ঞান অর্জনের ক্ষেত্র হিসেবে নয়, বরং টেকসই শিল্পায়ন ও নতুন প্রযুক্তির সমন্বয়ে জাতীয় পর্যায়ে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।