প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:২৭ পিএম
রাণীশংকৈলে মায়ের অভিযোগের ভিত্তিতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদকাসক্ত ছেলে জেমস ওরফে মিলনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেওয়া হয় । ছবি-যাযাদিঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকাসক্ত ছেলে জেমস ওরফে মিলনকে (৩৫) ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার নেকমরদ বাজার এলাকায় এ অভিযান ও দণ্ডাদেশের ঘটনা ঘটে।
জেমস ওরফে মিলন নেকমরদ বাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে। মায়ের অভিযোগ, ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মাকে গালাগাল ও মারধর করতেন। ছেলের এমন আচরণে অতিষ্ঠ হয়ে অবশেষে প্রশাসনের কাছে অভিযোগ করেন মা ফাতেমা খাতুন।
অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন মিলনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে নেশাগ্রস্ত অবস্থায় ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাণীশংকৈল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবর রহমান এ দণ্ডাদেশ দেন।
মিলনের মা ফাতেমা খাতুন বলেন, ছেলেটার জন্য আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি। কোনোভাবে আর সামলাতে পারছিলাম না। তাই বাধ্য হয়ে আইনের হাতে তুলে দিয়েছি। সে যদি ভালো হয়ে ফিরে আসে, তাহলেই আমাদের শান্তি।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবর রহমান জানান, মিলন কয়েক বছর ধরে গাঁজা ও ইয়াবা সেবন করছিলেন। নেশার টাকা না পেলে তিনি প্রায়ই বাবা-মাকে গালাগাল ও মারধর করতেন। সবসময় মায়ের কাছে টাকা চাইতেন। টাকা দিতে না পারায় মাকে মারধরের ঘটনাও ঘটেছে। পরে তার মা ফাতেমা খাতুন প্রশাসনের কাছে অভিযোগ করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার বাড়ি থেকে তাকে নেশাগ্রস্ত অবস্থায় ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, মিলন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের মারধর করতেন। পরিবারের অভিযোগের পর ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দিয়ে থানায় সোপর্দ করেছে।