প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:১৫ পিএম
ছবি-যাযাদিমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরে অবৈধভাবে মাছ শিকার ও নেটের বাঁধ নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত হাইল হাওরের বিভিন্ন জলমহালে এ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ১০০টি রিং জাল ও ২০টি মশারি জাল জব্দ করা হয়েছে।
অভিযানকালে হাইল হাওরের চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল, হাওরী খালসহ বিভিন্ন জলমহাল থেকে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত ১০০টি রিং জাল জব্দ করা হয়। জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার মিটার এবং আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
এ ছাড়া ২০টি মশারি জাল জব্দ করা হয়। এসব জালের মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার মিটার এবং আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা অবৈধ জালের আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।
অভিযান চলাকালে বিভিন্ন জলমহালে অবৈধভাবে স্থাপন করা নেটের বাঁধও উচ্ছেদ করা হয়। পরে জব্দ করা অবৈধ জাল বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। অভিযানে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক। এ সময় শ্রীমঙ্গল থানা পুলিশ সহযোগিতা করে।
সংশ্লিষ্টরা জানান, হাইল হাওরের জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় অবৈধভাবে মাছ শিকার এবং ক্ষতিকর জাল ব্যবহারের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।