প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১২:২৪ পিএম
ছবি-যাযাদি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, কোনো বিপ্লবী কখনো মিথ্যা কথা বলেন না। কোনো বিপ্লবী তাঁর জনগণকে ফেলে রেখে পালিয়ে যান না। নিজের স্বার্থে দেশ ছেড়ে গিয়ে কোনো বিপ্লবী নেতা আয়েশি জীবনযাপন করেন না।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানের শেষে বিশেষ অতিথির বক্তব্যে এমপি জিন্নাহ কবীর এসব কথা বলেন।
এস এ জিন্নাহ কবীর বলেন, ‘আমাদের বিপ্লবী নেতা তারেক রহমান ১৭ বছর বিদেশে অবস্থান করে আপনাদের বিপ্লবের ডাক দিয়েছেন এবং স্বৈরাচারকে বিতাড়িত করেছেন।’
তিনি বলেন, ২০২৩ সালে ঘোষণা দেওয়া হয়েছিল, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া হবে এবং দেশের কৃষকদের ভাগ্যের পরিবর্তন করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি তাঁর কথা রেখেছেন। এবার আপনারা আপনাদের কথা রাখবেন।’
এমপি আরও বলেন, ‘মহান আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, বিপ্লবী তারেক রহমান বাংলাদেশের মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যে কর্মসূচি দেবেন, সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমরা যারা এখানে উপস্থিত আছি, তাঁর প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাব।’
মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহজাহান সিরাজ।
এ সময় শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার, উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার সৌমিক, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী মো. মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, কৃষক দলের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বাদলসহ স্থানীয় নেতাকর্মী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।