ছবি: যাযাদিদেশের কয়েকটি জেলায় সার সংকট তৈরির পেছনে ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের অনুসারীদের ভূমিকা থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি অভিযোগ করেন, সাবেক সরকারের আমলে নিয়োগ পাওয়া সার ডিলারদের অসহযোগিতার কারণে কোথাও কোথাও সমস্যা তৈরি হয়েছে। তবে বিএনপির সংসদ সদস্য রয়েছেন, এমন জেলাগুলোতে সার নিয়ে কোনো সমস্যা হয়নি বলে দাবি করেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোড়াইঘাট এলাকায় গড়াই নদীর ওপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতুর নির্মাণস্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, উত্তরাধিকার সূত্রে আমরা যেসব সারের ডিলার পেয়েছি, তারা স্বৈরাচারী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত। তাদের অসহযোগিতার কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। যেসব জেলায় সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সেসব জেলার সংসদ সদস্যরা ১১ দলীয় জোটের। তাঁরা সরকারকে বিভ্রান্ত করতে তাদের দলীয় লোকজন দিয়ে এই সংকট তৈরি করে থাকতে পারেন।
তিনি আরও দাবি করেন, যেসব জেলায় বিএনপির সংসদ সদস্য রয়েছেন, সেসব জেলায় সার নিয়ে কোনো সমস্যা হয়নি।
বর্তমান সরকারের আমলে সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ সময়ে ডিলার নিয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে।
এর আগে প্রতিমন্ত্রী কুমারখালী উপজেলার রায়ডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি গাড়িতে ওঠার সময় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে স্টার নিউজের এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। তবে হামলার কারণ ও এতে জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পরে প্রতিমন্ত্রী গড়াই নদীর ওপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতুর দুটি সম্ভাব্য নির্মাণস্থান পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানগুলো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
কুমারখালীর ঘোড়াইঘাট এলাকায় গড়াই নদীর ওপর প্রস্তাবিত সেতুটি নির্মিত হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, সেতুটি বাস্তবায়িত হলে নদীর দুই পাড়ের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
পরিদর্শনকালে কুষ্টিয়ার বর্তমান ও সাবেক বিএনপিদলীয় সংসদ সদস্য, শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।