প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:২৪ পিএম
ছবি-যাযাদি বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষ্যে ১৪ অক্টোবর ২০২৬ তারিখে কমিশন সচিবালয়ে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাসুমা আফরীন তাঁর দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর সফল ও গৌরবময় কর্মজীবনের জন্য তাঁকে অভিনন্দন জানিয়ে চেয়ারম্যান বলেন, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে তিনি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বিদায়ী পরীক্ষা নিয়ন্ত্রকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী-সমৃদ্ধ অবসর জীবন কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কমিশনের বিজ্ঞ সদস্যবৃন্দ এবং সভাপতি হিসেবে কমিশন সচিবালয়ের সচিব জনাব মো. ফজলুর রহমান তাঁদের বক্তব্যে বিদায়ী পরীক্ষা নিয়ন্ত্রকের কর্মনিষ্ঠা, মানবিক নেতৃত্ব, সহকর্মীদের প্রতি আন্তরিকতা ও দায়িত্বশীল আচরণের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, হাসিমুখে প্রতিকূলতা গ্রহণ করে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি কমিশন ও কমিশন সচিবালয়ের কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রতিষ্ঠানের প্রতি তাঁর অবদান, সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং পেশাগত জীবনের ইতিবাচক দৃষ্টান্ত দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা, মূল্যবোধ ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
বিদায়ী বক্তব্যে মাসুমা আফরীন কমিশনের মাননীয় চেয়ারম্যান, বিজ্ঞ সদস্যবৃন্দ এবং কমিশন সচিবালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ে দায়িত্ব পালন তাঁর কর্মজীবনের একটি অত্যন্ত গৌরবময় অধ্যায়। দায়িত্ব পালনের প্রতিটি পর্যায়ে সহকর্মীদের আন্তরিক সহযোগিতা, সহমর্মিতা ও শুভকামনা পেয়েছেন, যা তিনি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। সহকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং সততার সঙ্গে কাজ করলে সময় তার প্রতিদান দিবে।" তিনি কমিশন ও কমিশন সচিবালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কমিশন ও কমিশন সচিবালয়ের পক্ষ থেকে বিদায়ী পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সচিব জনাব মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কমিশনের বিজ্ঞ সদস্যবৃন্দ, কমিশন সচিবালয়ের যুগ্মসচিব, উপসচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।