প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:৫০ পিএম

নেত্রকোণার খালিয়াজুরীর ধনু নদে বালু, পাথর ও কয়লাবাহী বাল্কহেডসহ বিভিন্ন নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার জগন্নাথপুর গ্রামের সামনে ধনু নদে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
জরিমানা দেওয়া ব্যক্তিরা হলেন খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. মুখলেছ (৫০) ও ইমন মিয়া (৩২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধনু নদে চলাচলকারী বালু, পাথর ও কয়লাবাহী বাল্কহেড থেকে দীর্ঘদিন ধরে একটি চক্রের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। বাল্কহেডপ্রতি ৫০০ থেকে এক হাজার টাকা বা তারও বেশি চাঁদা নেওয়া হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। শুধু বাল্কহেড নয়, নদে চলাচলকারী অন্যান্য নৌযান থেকেও চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, চক্রের সদস্যরা ছোট ইঞ্জিনচালিত নৌকা নিয়ে নদীর বিভিন্ন স্থানে অবস্থান করেন। বাল্কহেড চলাচলের সময় তাঁরা নৌকা নিয়ে সেটির কাছে গিয়ে টাকা আদায় করে আবার তীরে ফিরে আসেন।
স্থানীয়দের ভাষ্য, উপজেলার লেপসিয়া থেকে গাজীপুর ইউনিয়নের পাঁচহাট বাজারের সামনের অংশ পর্যন্ত ধনু নদের বিভিন্ন স্থানে কয়েকটি দলে বিভক্ত হয়ে চাঁদা আদায় করা হয়। দীর্ঘদিন ধরে এভাবে চাঁদা আদায়ের কারণে নদীপথে চলাচলকারী নৌযানসংশ্লিষ্ট ব্যক্তিরা ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ রয়েছে।
ইউএনও অলিদুজ্জামান বলেন, ধনু নদে চলাচলকারী বাল্কহেড থেকে চাঁদা আদায়ের খবর পেয়ে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। নদে চাঁদা আদায় বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।