প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:৩৫ পিএম আপডেট: ১৫.১০.২০২৬ ৫:৪২ পিএম
ছবি-যাযাদি নেত্রকোণার সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার বুদ্বিয়ার জঙ্গলে হাত-পা বাঁধা অবস্থায় রুকন (নাম) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টার দিকে জঙ্গলে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় নিহতের হাত গামছা দিয়ে বাঁধা এবং পায়ে টেপ প্যাঁচানো অবস্থায় দেখতে পায় তারা।
প্রথমে নিহতের পরিচয় জানা না গেলেও পরে তাঁর স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচয় শনাক্ত করা হয়। রুকনের বাড়ি মদনপুরের পূর্বপাড়া এলাকায়। তিনি সাধারণত ভাড়ায় চালিত অটোরিকশা চালাতেন। তাঁর শ্বশুরবাড়ি মৌলভীবাজারে। গতকাল রাত থেকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে তাঁর মরদেহ জঙ্গলে পাওয়া যায়।
নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। নিহতের হাত গামছা দিয়ে বাঁধা এবং পায়ে টেপ প্যাঁচানো ছিল। তাঁর শরীরে তাৎক্ষণিকভাবে বড় ধরনের আঘাতের চিহ্ন তেমন দেখা না গেলেও চোখে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণসহ ঘটনার বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।