ছবি: সংগৃহীতনির্বাচনী সংস্কার ও ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। পুলিশের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভে অংশ নিয়ে আইন লঙ্ঘনের অভিযোগে তাকে নোটিশ দিয়েছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস।
আমির খানের ভাগনে ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী হিসেবে দেশটিতে অবস্থান করছেন। ওসিআই কার্ডধারীরা ভারতে প্রবেশ ও বসবাসের বিশেষ সুযোগ পেলেও ভোট দেওয়া বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার পান না।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ জানায়, মুম্বাইয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত আন্দোলনে অংশ নিয়েছিলেন ইমরান। এ ঘটনায় তাকে নোটিশ দেওয়া হয়েছে।
ইমরানের আইনজীবী জানিয়েছেন, এই নির্দেশের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে আবেদন করবেন অভিনেতা। তার পক্ষ থেকে বলা হয়েছে, ওসিআই কার্ডধারীদের বিক্ষোভে অংশ নেওয়া নিষিদ্ধ, এমন কোনো আইনি বিধান বা নিয়ম নেই।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) তথ্য অনুযায়ী, মুম্বাই পুলিশের নোটিশের বিরুদ্ধে ইমরানের আবেদনে কর্তৃপক্ষের পদক্ষেপকে ‘কঠোর’ বলে উল্লেখ করা হয়েছে।
গত ১০ অক্টোবর ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে অংশ নেন ইমরান। ভোট জালিয়াতির অভিযোগ তদন্ত, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং নির্বাচনী সংস্কারের দাবিতে জেন জি নেতৃত্বাধীন এই আন্দোলন চলছে। তবে ভারতের নির্বাচন কমিশন ভোট জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়, ভারতীয় নাগরিক না হয়েও ইমরান আন্দোলনে অংশ নিয়েছিলেন। বিজেপি নেতা কিরিট সোমাইয়া অভিযোগ করেছেন, ভারতে অরাজকতা ছড়ানোর ষড়যন্ত্রে অভিনেতা জড়িত। তবে এ অভিযোগের সরাসরি জবাব দেননি ইমরান।
বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়ে সাংবাদিকদের ইমরান বলেন, আমার কোনো দাবি নেই। আমি এখানে একজন নাগরিক হিসেবে, এই শহরে (মুম্বাই) বসবাসকারী একজন মানুষ হিসেবে এসেছি। চলাচলের স্বাধীনতা কেন সীমিত করা হচ্ছে, মানুষের কণ্ঠ কেন রুদ্ধ করা হচ্ছে, তা দেখতে এসেছি।
তিনি আরও বলেন, কোনো সংগঠনের প্রতিনিধি হিসেবে বিক্ষোভে অংশ নেননি তিনি।
বিক্ষোভের পর অন্য আন্দোলনকারীদের সঙ্গে ইমরানকেও অল্প সময়ের জন্য আটক করে পুলিশ। পরে পুলিশি হেফাজতে গাড়ির ভেতর থেকে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। ছবির সঙ্গে লেখেন, মনে হচ্ছে, আমি গাড়িতে ঘুরতে যাচ্ছি। পোস্টটিতে ২০ লাখের বেশি প্রতিক্রিয়া পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০০৮ সালের রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘জানে তু... ইয়া জানে না’ দিয়ে ব্যাপক পরিচিতি পান ইমরান খান। এর আগে ‘কেয়ামত সে কেয়ামত তক’ ও ‘জো জিতা ওহি সিকান্দার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। পরে ‘আই হেট লাভ স্টোরিজ’, ‘মেরে ব্রাদার কি দুলহন’ ও ‘দিল্লি বেলি’র মতো চলচ্চিত্রে অভিনয় করেন।
দশ বছরের বেশি বিরতির পর চলতি বছর নেটফ্লিক্সের চলচ্চিত্র ‘আধুরে হাম আধুরে তুম’-এর মাধ্যমে অভিনয়ে ফেরেন ইমরান। এর মধ্যেই তাঁকে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হলো।
সিজেপির ডাকে গত সপ্তাহে দিল্লি, মুম্বাইসহ ভারতের বিভিন্ন অঞ্চলে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান তাঁরা।
গত সোমবার কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধীসহ কয়েকটি বিরোধী দলের নেতারা দিল্লির কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন। বুধবার দিল্লিতে বিক্ষোভস্থলে অনধিকার প্রবেশের অভিযোগে গ্রেপ্তারের পর সিজেপির শীর্ষ দুই নেতাকে পাচ দিনের জন্য কারাগারে পাঠানো হয়। রাজধানী দিল্লিতে শুক্রবার সন্ধ্যায় নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।