প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:২৭ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় গাছের সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজিবুল ইসলাম (৪৫) ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে মজিবুল ইসলাম বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়ে। এই নিয়ে শনিবার দুপরে তার ছোট ভাই রবিউল ইসলামের সাথে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে মজিবুলের সাথে রবিউলের মারামারি শুরু হয়। মারামারিতে দুই ভায়ের স্ত্রী সন্তানসহ পরিবারের সদস্যরা জড়িয়ে পড়ে। এসময় রবিউল ইসলাম হাতে থাকা লাঠি দিয়ে বড় ভাই মজিবুল, তার স্ত্রী ও ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে পথেই মজিবুল মারা যায়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনার পর রবিউল পালিয়ে গেলেও স্থানীয়রা তার স্ত্রী মিলি খাতুনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত হয়েছে নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসী ঘাতকের স্ত্রীকে আটক করে পুলিশে দিয়েছে। ঘাতক রবিউলকে আটকে অভিযান চলছে।