রাজাখালী-ছনুয়া জলকদর খালে সেতু নির্মাণের উদ্যোগ, স্বস্তির আশা দুই পাড়ের মানুষের

পেকুয়া প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ও চট্টগ্রামের বাশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে জলকদর খালের ওপর স্থায়ী সেতু নির্মাণের

2026-10-17T20:40:15+06:00
2026-10-17T20:40:15+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রাজাখালী-ছনুয়া জলকদর খালে সেতু নির্মাণের উদ্যোগ, স্বস্তির আশা দুই পাড়ের মানুষের
পেকুয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:৪০ পিএম  
ছবি: যাযাদি
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ও চট্টগ্রামের বাশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে জলকদর খালের ওপর স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দীর্ঘদিন ধরে বাশের সাকো ও নৌকায় খাল পারাপারের ভোগান্তিতে থাকা দুই পাড়ের মানুষের মধ্যে এ উদ্যোগ ঘিরে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

দীর্ঘ কয়েক দশক ধরে জলকদর খাল পারাপারে বাশের সাকো ও নৌকার ওপর নির্ভর করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সাকো ভেঙে পড়লে কিংবা বর্ষায় খালের পানি বেড়ে গেলে দুই পাড়ের মানুষের যোগাযোগে বিঘ্ন ঘটে। এতে শিক্ষার্থী, রোগী, কৃষক, জেলে ও ব্যবসায়ীদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হয়। এমন পরিস্থিতিতে স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ভৌগোলিকভাবে ছনুয়া ইউনিয়ন চট্টগ্রামের বাশখালী উপজেলার অন্তর্ভুক্ত হলেও দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে এ এলাকার অনেক মানুষকে নির্ভর করতে হয় কক্সবাজারের পেকুয়া উপজেলার ওপর। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ছনুয়া থেকে বাশখালী উপজেলা সদরের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। অন্যদিকে পেকুয়া পৌরসভার দূরত্ব ১০ কিলোমিটারেরও কম। এ কারণে চিকিৎসা, শিক্ষা, কেনাকাটা, ব্যাংকিংসহ নানা প্রয়োজনে ছনুয়ার বাসিন্দারা পেকুয়ায় যাতায়াত করেন।

তবে জলকদর খালের ওপর স্থায়ী সেতু না থাকায় এ যাতায়াতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় তাদের। প্রতিদিন ঝুকি নিয়ে খাল পার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয় শিক্ষার্থীদের। জরুরি রোগীদের চিকিৎসাকেন্দ্রে পৌছাতেও ভোগান্তিতে পড়েন স্বজনেরা। একইভাবে কৃষিপণ্য, লবণ ও মাছ পরিবহনে বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে ব্যবসায়ী ও উৎপাদনকারীদের।

স্থানীয়দের প্রত্যাশা, সেতুটি নির্মিত হলে রাজাখালী, ছনুয়া ও আশপাশের এলাকার প্রায় ৮০ হাজার মানুষের যাতায়াত সহজ হবে। দ্রুত কৃষিপণ্য ও মৎস্যসম্পদ বাজারজাত করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। দুই উপজেলার মধ্যে যোগাযোগ বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্থানীয় সূত্র জানায়, বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময় রাজাখালী-ছনুয়া সংযোগে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয়ে ডিও পত্র পাঠানোর উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী।

রাজাখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আবুল বশর বাবু বলেন, রাজাখালী ও বাশখালীর মানুষের মধ্যে আবহমানকাল ধরে গভীর সেতুবন্ধন রয়েছে। বাশখালীর ছনুয়াসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের শিক্ষার্থীরা রাজাখালীতে এসে পড়াশোনা করে। এ ছাড়া ব্যবসা-বাণিজ্যসহ নানা কাজে দুই এলাকার মানুষ পরস্পরের ওপর নির্ভরশীল।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ডিও পত্রের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথ তৈরি হয়েছে।

স্থানীয় শিক্ষার্থী করিমা ইসলাম, মো. সিপাত ও আব্রাহাম বলেন, তারা ছনুয়া থেকে খাল পার হয়ে রাজাখালীতে পড়াশোনা করতে আসেন। সেতু নির্মিত হলে তাদের যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হবে এবং সময়ও বাচবে। তারা দ্রুত সেতুটির নির্মাণকাজ শুরুর দাবি জানান।

লবণচাষি আরিফুল ইসলাম ও মোস্তাক আহমদ বলেন, বর্তমানে উৎপাদিত লবণ ও অন্যান্য মালামাল পরিবহনে অনেক সময় ঘুরপথ ব্যবহার করতে হয়। এতে পরিবহন খরচ ও সময় দুটোই বেশি লাগে। জলকদর খালের ওপর সেতু নির্মিত হলে পণ্য পরিবহন সহজ হবে এবং তাঁরা ব্যবসায়িকভাবে লাভবান হবেন।

ছনুয়ার ছেলবন এলাকার সেতু বাস্তবায়ন কমিটির সদস্য হাসান মোহাম্মদ জুনাইদ রাসেল বলেন, বাশখালী ও পেকুয়ার মানুষের দুর্ভোগ কমানো, জীবনযাত্রার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সেতুটি অত্যন্ত প্রয়োজনীয়। স্বরাষ্ট্রমন্ত্রীর এ উদ্যোগে তারা আশাবাদী। এখন দ্রুত প্রকল্প অনুমোদন ও নির্মাণকাজ শুরুর অপেক্ষায় রয়েছেন তারা।

অ্যাডভোকেট সরওয়ার কামাল বলেন, এলাকাবাসী দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন। তারা এ উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা করেন।
  বিষয়:   জলকদর খাল  রাজাখালী-ছনুয়া সেতু  পেকুয়া  বাঁশখালী 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত