ছবি-যাযাদি গোপালগঞ্জের মুকসুদপুর পৌর এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, সড়কের উন্নয়ন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মাহমুদ আশিক কবির। শনিবার (১৭ অক্টোবর) সকালে তিনি টেংরাখোলা সদর বাজারসহ পৌর এলাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। এ সময় সড়ক সংস্কার, পানি নিষ্কাশন, বাজারের পরিচ্ছন্নতা এবং নাগরিক দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শনকালে ফরিদমিয়া কমপ্লেক্স থেকে উপজেলা পরিষদ, তেরাইসার মোড় হয়ে মিয়া বাড়ি মসজিদ এবং আটাডাঙা বাঁওড়মুখী সড়কের অবস্থা, বাজারের সার্বিক পরিবেশ ও চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
এর আগে ঢাকা এক্সপ্রেসকে মুঠোফোন বার্তায় ইউএনও মাহমুদ আশিক কবির জানান, পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নকাজ আগামী ডিসেম্বর থেকে শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই পরিকল্পনার ধারাবাহিকতায় বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে।
মুকসুদপুর পৌর এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশা ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সামান্য বৃষ্টিতেই বিভিন্ন সড়কে পানি জমে দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকেরা। বিশেষ করে ফরিদমিয়া কমপ্লেক্স–উপজেলা পরিষদ–তেরাইসার মোড়–মিয়া বাড়ি মসজিদ হয়ে আটাডাঙা বাঁওড় সড়কটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে আছে।
এ ছাড়া পৌর এলাকার সদর বাজার, গোপীনাথপুরসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সমস্যা রয়েছে। এসব এলাকার পানি নিষ্কাশন ও নাগরিক দুর্ভোগ কমাতে সড়ক উন্নয়নের পাশাপাশি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এর আগে গত ৪ আগস্ট,২০২৬ সদর বাজার, গোপীনাথপুরসহ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা এবং চলমান ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন পৌর প্রশাসক মাহমুদ আশিক কবির। সে সময় তিনি নাগরিকদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ড্রেন পরিষ্কারের কাজের অগ্রগতি পর্যালোচনা করে কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ওই পরিদর্শনে টেংরাখোলা চৌরঙ্গী থেকে আটাডাঙা বাঁওড় পর্যন্ত খাল পুনঃখননের বিষয়েও আলোচনা হয়। খালটি পুনঃখননের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগের কথা জানান পৌর প্রশাসক। সংশ্লিষ্টদের মতে, খালটি পুনঃখনন করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং পৌর এলাকার জলাবদ্ধতা কমাতে সহায়ক হবে।
শনিবারের (১৭ অক্টোবর,২০২৬) পরিদর্শনকালে মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, পৌরসভার প্রকৌশলী নাহিদ হাসান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসীও দ্রুত সড়ক উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের প্রত্যাশা করছেন।