প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:৪৮ পিএম
ছবি: যাযাদিনারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ডা. আবদুল মঈন খান। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তিনি কয়েকটি মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণে একটি সুন্দর দেশ গড়ার আহ্বান জানান।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এখানকার মানুষ একে অপরের সঙ্গে সম্পৃক্ত। সব ধর্মের মানুষ একসঙ্গে তাদের ধর্মীয় উৎসব পালন করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রধানমন্ত্রীর আহ্বান বাস্তবায়ন এবং একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত এবং পূজা উদ্যাপন কমিটির প্রবীর কুমার সাহা, শিপন সরকার ও মাহফুজুর রহমান খান।
এ ছাড়া মন্ত্রীর প্রেস সচিব আবুল কাউসার আশাসহ সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।