ছবি-যাযাদি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পানিপাড়ায় অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের উদ্যোগে ২৫ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
একই অনুষ্ঠানে দুই দিনব্যাপী জুনিয়র গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলার নড়াগাতী থানার পানিপাড়ায় অবস্থিত অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক ও স্পোর্টস অ্যানালিস্ট অনুপম হোসেন। সভাপতিত্ব করেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটির সভাপতি খবির উদ্দিন আহমেদ।
আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাব কর্তৃপক্ষ ২৫ হাজার গাছ রোপণ ও চারা বিতরণের উদ্যোগ নিয়েছে। কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে ১২ হাজার এবং আগামী এক বছরের মধ্যে অবশিষ্ট ১৩ হাজার গাছ রোপণ ও বিতরণের পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে খবির উদ্দিন আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হানিফ বলেন, দেশের পর্যটনশিল্পের টেকসই উন্নয়নে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিকল্প নেই। অরুনিমার প্রাকৃতিক সৌন্দর্য, জলাশয়, পরিযায়ী পাখির বিচরণ এবং গলফ খেলার সুবিধা দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, গলফ ট্যুরিজম ও পরিবেশবান্ধব পর্যটনের সমন্বিত বিকাশ ঘটানো গেলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বিশেষ অতিথি অনুপম হোসেন বলেন, তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরির জন্য নিয়মিত প্রশিক্ষণ, প্রতিযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করতে পারলে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদ বলেন, নড়াইলের পানিপাড়া দীর্ঘদিন ধরে ‘পাখির গ্রাম’ হিসেবে পরিচিত। বর্তমানে গ্রামটি গলফ খেলার জন্যও পরিচিতি পাচ্ছে।
তিনি জানান, পানিপাড়া গ্রামের প্রায় ৩০ থেকে ৪০ জন শিশু-কিশোর নিয়মিত গলফ খেলছে। স্থানীয় পর্যায়ে গলফের এই প্রসারকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে কাজ করছে ক্লাব কর্তৃপক্ষ।
ইরফান আহমেদ আরও বলেন, পরিকল্পিত উদ্যোগ ও আন্তর্জাতিক প্রচারের মাধ্যমে বাংলাদেশে গলফভিত্তিক পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। এতে বিদেশি পর্যটক আকর্ষণের পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে।
এদিকে, গত ১৬ ও ১৭ অক্টোবর অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী ‘ড. রাফি–ড. বেগম মেমোরিয়াল জুনিয়র গলফ টুর্নামেন্ট-২০২৬’ প্রতিযোগিতায় ক্লাবের ক্ষুদে ও জুনিয়র গলফারদের পাশাপাশি স্থানীয় উদীয়মান খেলোয়াড়রা অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও কৃতী গলফারদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ক্রীড়া সংগঠক এ কে এম শহীদুল আলম বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, আত্মবিশ্বাস, নেতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি হয়।
তিনি ভবিষ্যতেও প্রতিবছর এ ধরনের জুনিয়র গলফ প্রতিযোগিতা আয়োজনের পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং ক্ষুদে গলফাররা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি তৃণমূল পর্যায়ে গলফ খেলার প্রসার এবং প্রকৃতিনির্ভর পর্যটনের বিকাশে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।