প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৪.১০.২০২৬ ৬:১১ পিএম (প্রিন্ট সংস্করণ)
সউদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক এয়ারপোর্টে হামলায় নিহত বাংলাদেশি শাহেদ আহম্মেদের মরদেহ দেশে এসে পৌছেছে। শুক্রবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়। পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ ইসলামের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে শাহেদের লাশ গ্রহণ করেন তার স্ত্রী কহিনূর আক্তার। পরে তারা লাশবাহী গাড়িতে বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের উদ্দেশে রওনা হন।
১০ অক্টোবর কিং খালেদ আন্তর্জাতিক এয়ারপোর্টে সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় নিহত হন বাংলাদেশি কর্মী শাহেদ আহম্মেদ। তার বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। তার বাবা সউদি আরব প্রবাসী রফিকুল ইসলাম এবং মা শাহেরা বেগম গৃহিণী। শাহেদের দুই ছেলে কাওছার ও আবদুল্লাহ।
শাহেদ সউদি আরবের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের জেদ্দা প্রকল্পে প্লাম্বার হিসেবে কাজ করতেন। দেশটিতে তার কাজের অনুমতিপত্র (ইকামা) ছিল। বাংলাদেশে এক মাসের ছুটি কাটিয়ে রিয়াদ হয়ে জেদ্দায় কর্মস্থলে ফিরছিলেন তিনি। রিয়াদ বিমানবন্দরে হামলার সময় সেখানে অবস্থান করছিলেন শাহেদ। সেখানে হামলায় তিনিসহ দুই বাংলাদেশি নিহত হন। নিহত অন্য জন হলেন কুমিল্লার নাঙ্গোলকোট উপজেলার বাসিন্দা নাসরুল্লাহ বদরপুরি।
পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এয়ারপোর্টে উপস্থিত সাংবাদিকদের বলেন, গত এক মাসে সউদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে শুধু শাহেদের লাশ আজ দেশে এসেছে। অন্যদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।