প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৪.১০.২০২৬ ৬:১৩ পিএম (প্রিন্ট সংস্করণ)
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে মদ পানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে মদপানের পর অসুস্থ হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাদের হসপিটালে ভর্তি করেন।
মৃত দুই যুবক হলেন শ্রীপুর উপজেলার মকর্দ্দমখোলা গ্রামের আলমগীর লস্কর এবং মালদা গ্রামের বিধান বিশ্বাস।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সর্বজনীন দুর্গা মন্দির থেকে তারা মদপান করেন। এরপর দুজনই অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের বন্ধুরা বাড়িতে পৌছে দেন। তবে বাড়িতে অবস্থান করার পর তাদের শারীরিক অবস্থার আরো অবনতি হয়। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা তাদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হসপিটালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে দুজনের মৃত্যু হয়।
মাগুরা সদর হসপিটালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হসপিটালের মর্গে পাঠানো হয়েছে।