প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৪.১০.২০২৬ ৬:১৬ পিএম (প্রিন্ট সংস্করণ)

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে শীতের আগমনে শুরু হয়েছে খেজুর রস সংগ্রহের তৎপরতা। রস সংগ্রহে গাছিরা এখন ব্যষÍ সময় পার করছেন। সেই দুপুর থেকে শুরু হয় খেজুর গাছে হাড়ি টানানো, শেষ হয় সন্ধ্যা অবধি।
উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তায়, বাড়ির উঠানে ও জমির আইলে হাজার হাজার খেজুর গাছ রয়েছে। গাছিরা এসব খেজুর গাছ থেকে রস সংগ্রহ করলেও দৃষ্টি কেড়েছে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক ঘেষে রেললাইনের খেজুর গাছগুলো। আত্রাই রেলওয়ে (পুরাতন) স্টেশন থেকে উত্তর দিকে মহাদীঘি পর্যন্ত রেল লাইনের দুই ধারে প্রায় ৩ শতাধিক খেজুর গাছ থেকে রস সংগ্রহ শুরু করেছেন গাছিরা। এক সময় এলাকার গাছিরা এসব খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতেন। বর্তমানে এলাকার গাছিদের আর দেখা মেলে না। তাই প্রতি বছর রাজশাহীর বাঘা, আড়ানী ও নাটোরের লালপুর এলাকা থেকে গাছিরা এসে এসব গাছ থেকে রস সংগ্রহ করে থাকেন। এ রস দিয়ে তৈরি করা হয় সুস্বাদু গুড়। এলাকার চাহিদা মিটিয়েও এ গুড় বাজারজাত করা হয় অন্যান্য জেলায়।