ফ্রান্সে দিনভর শান্তিপূর্ণ বিক্ষোভ রাতে সংঘর্ষে গ্রেফতার হাজার

যাযাদি ডেস্ক

ইন্টারন্যাশনাল

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বৈষম্য ও শিক্ষা খাতের সংকটের প্রতিবাদে টানা দ্বিতীয় সপ্তাহে ফ্রান্স জুড়ে বিক্ষোভ করেছে লাখো মানুষ। শনিবার (২৪

2026-10-26T00:00:00+06:00
2026-10-25T21:14:26+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ইন্টারন্যাশনাল
ফ্রান্সে দিনভর শান্তিপূর্ণ বিক্ষোভ রাতে সংঘর্ষে গ্রেফতার হাজার
যাযাদি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৫.১০.২০২৬ ৯:১৪ পিএম (প্রিন্ট সংস্করণ)
ফ্রান্সের মার্সেইয়ে শ্রমিক ইউনিয়নের আয়োজিত বিক্ষোভে পুলিশের মুখোমুখি আন্দোলনকারীরা -রয়টার্স
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বৈষম্য ও শিক্ষা খাতের সংকটের প্রতিবাদে টানা দ্বিতীয় সপ্তাহে ফ্রান্স জুড়ে বিক্ষোভ করেছে লাখো মানুষ। শনিবার (২৪ অক্টোবর) দিনভর অধিকাংশ সমাবেশ শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যার পর প্যারিস, মার্সেইসহ বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, দেশ জুড়ে বিক্ষোভে অংশ নেন চার লাখ ১০ হাজার মানুষ। তবে  শ্রমিক সংগঠনগুলোর দাবি, প্রকৃত অংশগ্রহণকারীর সংখ্যা ছিল এর প্রায় দ্বিগুণ। রাজধানী প্যারিসে সমবেত হন অন্তত এক লাখ ১০ হাজার মানুষ।

প্যারিসের বাস্তিল থেকে প্লাস দে লা নাসিও পর্যন্ত পদযাত্রার অনুমতি চেয়েছিলেন আয়োজকরা। তবে কর্তৃপক্ষ সেই পথের অনুমতি না দিয়ে শহরের দক্ষিণ-পূর্ব প্রান্তে বিকল্প পথ নির্ধারণ করে দেয়। তবে সরকার বিক্ষোভকে আড়াল করার চেষ্টা করছে বলে এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে আন্দোলনকারীরা। পরে পোর্ত দি ইটালি থেকে পোর্ত দি ভাসেন পর্যন্ত পদযাত্রা করেন তারা। শিক্ষার্থীদের পাশাপাশি এতে যোগ দেন শিক্ষক, নার্স, পরিবেশবাদী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

দিনভর শান্তিপূর্ণ বিক্ষোভের পর সন্ধ্যায় পরিস্থিতির অবনতি ঘটে। মুখোশধারী প্রায় ৫০০ তরুণের একটি দল পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। তারা পুলিশকে লক্ষ্য করে পাথর ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করে। জবাবে দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে। একপর্যায়ে সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করতে গ্রেফতার অভিযান চালায় পুলিশ।

স্বরাষ্ট্র মন্ত্রী লরা নুনেজ জানিয়েছেন, বিক্ষোভ ঘিরে দেশ জুড়ে প্রায় এক হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। গত সপ্তাহের সহিংসতার তুলনায় এবার নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছিল।
বিক্ষোভের কারণে প্যারিস কার্যত অবরুদ্ধ শহরের চেহারা নেয়। নিরাপত্তার স্বার্থে অন্তত ২৪টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়। হামলার শঙ্কায় লুভ মিউজিয়াম, মুসে দর্সে ও প্যারিস অপেরাসহ গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠানও বন্ধ ছিল। নিরাপত্তা ঝুকির কারণে আর্ট বাসেল প্যারিস তাদের কার্যক্রম আগেই বাতিল করে। প্লেস ভেন্দোম ও শজেলিজে এলাকায় লুটপাটের শঙ্কায় অনেক বিলাসবহুল দোকানের বাইরে কাঠের পাটাতন লাগিয়ে আটকে দেয়া হয়।

রাজধানীর বাইরেও বিভিন্ন শহরে সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটে। মার্সেইয়ে তরুণেরা রাস্তায় ময়লার পাত্রে আগুন জ্বালিয়ে অবরোধ করে। পুলিশের দিকে পাথর ও বোতল ছোড়ে তারা। শহরটিতে দুটি গয়নার দোকানসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালানো হয়। লিয়, বোর্দো, গ্রেনোবল, ক্লেরম-ফের, লিল, রেন, নত ও তুলুজেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
এর আগে কয়েকটি শহরে বিক্ষোভের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। নিস ও মোপেলিয়েতে কট্টর ডানপন্থি ও বামপন্থি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। স্বরাষ্ট্র মন্ত্রী নুনেজের অভিযোগ, বামপন্থি কর্মী ও অপরাধী চক্রের পাশাপাশি কট্টর ডানপন্থিরাও কয়েকটি স্থানে সংঘর্ষ উসকে দেয়ার চেষ্টা করেছে।

কট্টর ডানপন্থিদের বিরুদ্ধেও বিক্ষোভ
অর্লেয়া শহরে কট্টর ডানপন্থি পার্টি ন্যাশনাল র?্যালির সম্মেলন ঘিরে পাল্টা বিক্ষোভ হয়েছে। দলটির নেত্রী মেরিন ল পেনের রাজনৈতিক অবস্থানের বিরোধিতা করে সেখানে সমাবেশ করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন বামপন্থি নেতা জ-লুক মেলশোর পার্টির সমর্থকরাও।
প্যারিসের পশ্চিমে শুক্রবারের একটি বন্দুক হামলাও উত্তেজনা বাড়িয়েছে। ইসলাম বিদ্বেষী বিদ্বেষ থেকে হামলা চালানোর সন্দেহে এক বন্দুকধারীকে খুজছে কর্তৃপক্ষ। ওই হামলায় এক জন নিহত ও ১২ বছর বয়সী এক কিশোরীসহ চার জন আহত হয়।
প্যারিসের উত্তরের শহর সা-দেনির মেয়র ও মেলশোর দল ফ্রান্স আনবোডের সদস্য বালি বাগায়োকো বলেন, ‘কট্টর ডানপন্থিদের সামনে দাড়িয়ে তারা জানাতে চান, তারা ভয় পান না।’ তথ্যসূত্র : রয়টার্স

ইন্টারন্যাশনাল- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত