প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:০০ পিএম
পটিয়ার খরনা খালের প্রটেকটিভ ওয়ালে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা খালের ভাঙন থেকে সড়ক রক্ষায় নির্মিত প্রটেকটিভ ওয়ালে (সুরক্ষাপ্রাচীর) উদ্বোধনের এক বছর না যেতেই বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। দেয়ালটি খালের দিকে হেলে পড়ায় ঝুঁকিতে রয়েছে সংলগ্ন গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক। যেকোনো সময় সড়কটি ভেঙে খালে বিলীন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, খরনা লালারখীল ভাইদিঘী সড়কসংলগ্ন খরনা খালের ভাঙন রোধ ও সড়ক সুরক্ষায় পটিয়া উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে প্রটেকটিভ ওয়ালটি নির্মাণ করা হয়। ২০২৫ সালের ৫ মে পটিয়ার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার ও যথাযথ তদারকির অভাবে দেয়ালটিতে ফাটল দেখা দিয়েছে। বর্তমানে দেয়ালের মাঝামাঝি অংশে বড় ফাটল সৃষ্টি হয়ে এটি খালের দিকে হেলে পড়েছে। এতে আসন্ন বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের চাপে দেয়ালসহ সড়কটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, নির্মাণকাজের মান নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। এক বছর না যেতেই দেয়ালে বড় ফাটল দেখা দিয়েছে। দ্রুত টেকসই সুরক্ষাপ্রাচীর নির্মাণ করা না হলে বর্ষায় সড়কটি খালে বিলীন হতে পারে। এতে যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ বাড়বে।
খরনা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল করিম বলেন, দেয়ালটির মাঝামাঝি স্থানে বড় ফাটল দেখা দিয়েছে। দ্রুত পুনর্নির্মাণ করা না হলে দেয়ালটি ধসে পড়ে মূল সড়কও ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান জানান, প্রটেকটিভ ওয়ালে ফাটলের বিষয়টি খতিয়ে দেখতে উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।