প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:১০ পিএম
ছবি: যাযাদিসুনামগঞ্জের তাহিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে কৃপেশ রায় (৪০) নামের সাবেক এক পুলিশ সদস্যকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামের বাড়ি থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের দাবি, গত ২৫ অক্টোবর কৃপেশ রায়ের নামে পরিচালিত একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর রাজারগাঁওসহ আশপাশের এলাকায় প্রতিক্রিয়া দেখা দেয়। তবে পোস্টটি কে দিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অভিযোগ অস্বীকার করে কৃপেশ রায় দাবি করেছেন, পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে তাঁর চাচাতো ভাই পন্টি রায় তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। তাঁর অভিযোগ, পন্টি তাঁর ফেসবুক আইডি ব্যবহার করে অথবা ভুয়া পোস্টের মাধ্যমে তাঁকে বিপদে ফেলেছেন। এ বিষয়ে আইনি সুরক্ষা চেয়ে সোমবার সকালে তিনি নিজেই তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পন্টি রায়ের বক্তব্য জানতে চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর রাজারগাঁও এলাকায় স্থানীয় লোকজন জড়ো হলে পুলিশ সেখানে যায়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ এবং উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে কৃপেশ রায়কে পুলিশ হেফাজতে নিয়ে থানায় নেওয়া হয়।
ওসি ফারুক আহমেদ জানান, কৃপেশ রায় তাঁকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ তুলে থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সংবেদনশীল এ ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য রাজারগাঁও গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।