প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:১৭ পিএম
ছবি: যাযাদিগাজীপুরের সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগে একটি মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষকসহ পাচজনের বিরুদ্ধে মামলা করেছেন ওই ছাত্রীর বাবা। রোববার (২৫ অক্টোবর) রাতে জয়দেবপুর থানায় মামলাটি করা হয়। পুলিশ জানিয়েছে, অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার প্রধান আসামি আরিফুল ইসলাম (২৯)। তিনি জয়দেবপুর থানার বিকেবাড়ি এলাকার সিকদার মার্কেটসংলগ্ন দারুল মা’আরিফ হোসাইনিয়া কওমি মাদ্রাসা ও মারকাযুল কুরআন আদর্শ মহিলা মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক। মামলার অন্য আসামিরা হলেন আরিফুলের ভাই শরীফ মিয়া (৩৫), বাবা সেলিম মিয়া (৫৫), মা রহিমা খাতুন (৪০) এবং দেলোয়ার হোসেন (৪৫)। তাদের সবার বাড়ি ময়মনসিংহ সদর থানার চর বওলা গ্রামে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ওই ছাত্রী মারকাযুল কুরআন আদর্শ মহিলা মাদ্রাসার অষ্টম শ্রেণিতে পড়ত। মাদ্রাসার পরিচালক আরিফুল ইসলাম তাকে প্রেমের প্রস্তাব দেওয়াসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ করেছেন ছাত্রীর বাবা। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। বিষয়টি পরিবারকে জানানোর পর ছাত্রীর বাবা অভিযুক্ত শিক্ষককে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করেন বলে অভিযোগে বলা হয়েছে।
মামলার বিবরণে আরও বলা হয়, গত ১০ অক্টোবর সকালে মাদ্রাসায় যাওয়ার পর আরিফুল ইসলাম অন্য চার আসামির সহযোগিতায় ছাত্রীকে অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার সন্ধান পাননি। এরপর ছাত্রীর বাবা থানায় মামলা করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।