প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৯:০৭ এএম
সংগৃহীত ছবিবিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসানের সম্ভাবনা তৈরি হওয়ায় তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা কমেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৬৬ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে ১১৫ ডলার ১৫ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৪ সেন্ট বা শূন্য দশমিক ৪৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ ডলার ৩২ সেন্টে নেমে এসেছে। দাম কমলেও সৌদি আরবে হামলার ঘটনার পর ব্রেন্ট ক্রুডের মূল্য গত ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে সোমবার তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিনিধিদের একটি কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আঞ্চলিক সংঘাত এড়ানো এবং চলমান উত্তেজনা প্রশমনের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।
সৌদি আরব জানিয়েছে, সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়া ঠেকাতে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সরাসরি সংলাপ প্রতিষ্ঠা করা এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে অংশ নেওয়া চারটি দেশই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে।