বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান -যাযাদি বাগেরহাটে আইন মন্ত্রী
‘গত ১৭ বছর বিএনপি-জামায়াতকে টার্গেট করে, মানুষকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে।
যার নাম দেয়া হয়েছে ক্রসফায়ার’
বাগেরহাটের মোংলায় মিরাজ শেখের গুমের অভিযোগ অত্যন্ত সতর্কতার সঙ্গে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘আপনাদের এখানে একটা কেস স্টাডি এসেছে, সারা বাংলাদেশের মধ্যে মিরাজ শেখের কেস স্টাডিটা। একটা গুমের অভিযোগ এসেছে। এটাও আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে অত্যন্ত গুরুত্ব দিয়ে এর তদন্ত কাজ অব্যাহত রেখেছি।’
মঙ্গলবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় এমপি, বিভিন্ন সরকারি দফতরে কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
চলতি বছরের ১০ এপৃল থেকে মিরাজ শেখ নিখোজ রয়েছেন। ঘটনাটি ৫ আগস্ট-পরবর্তী দেশের প্রথম গুমের ঘটনা হিসেবে উল্লেখ করে আসছেন মানবাধিকার কর্মীরা।
মিরাজ শেখের পরিবার ন্যায়বিচার বঞ্চিত হোক- চান না উল্লেখ করে আইন মন্ত্রী বলেন, ‘তারা এটার প্রতিবাদ করতে গিয়ে সরকারি স্থাপনায় ভাঙচুর করেছিল। তার কারণে মামলা হয়েছিল, তারা গ্রেফতার হয়েছিল। ওই পরিবারকে আইন মন্ত্রণালয়ের লিগাল এইড ইউনিটের অধীনে আমরা সহযোগিতা দিয়েছি। মিরাজ শেখের পরিবারের পাশে দাড়িয়ে তাদের জামিন করিয়েছে। তার বোন এখানে উপস্থিত আছেন। মামলা মামলার গতিতে চলবে। আমরা মানুষের পাশে সেবা দিতে চাই, আইনি পরিকাঠামোর মধ্য থেকে। জামিন দেয়া, না দেয়া আদালতের ব্যাপার। যেখানে যদি মব জাস্টিস করে, কোনো জামিন নেয়া বা দেয়ার চেষ্টা করা হয় বা জামিন ঠেকানোর চেষ্টা করা হয়, এর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
আওয়ামী সরকারের সময়কার গুম ও ক্রসফায়ারের প্রসঙ্গ টেনে আইন মন্ত্রী বলেন, ‘গত ১৭ বছর বিএনপি-জামায়াতকে টার্গেট করে, মানুষকে ধরে নিয়ে গিয়ে বিনা বিচারে হত্যা করা হয়েছে। যার নাম দেয়া হয়েছে ক্রসফায়ার। গুম করেছে, বিএনপি করার কারণে, জামায়াত করার কারণে। ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা করা হয়েছে, যার ৯৯ শতাংশের ক্ষেত্রে বাদী হয়েছিল পুলিশ। এ সময় এসে পুলিশ বাদী হয়ে হয়রানি করে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা— এই সংস্কৃতি আমরা বন্ধ করার চেষ্টা করছি। ক্রসফায়ার আমরা শূন্যের কোঠায় নিয়ে এসেছি।’
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জনগণের কথা না শুনলে এবং তাদের মতামতকে গুরুত্ব না দিলে সরকার ও জনপ্রতিনিধিরা সঠিক পথ হারাবেন বলেও মন্তব্য করেছেন আইন মন্ত্রী। তিনি বলেন, ‘জনগণ আমাদের দায়িত্ব দিয়েছে। আপনাদের যদি কথা বলতে না দেয়া হয়, আপনাদের কথা যদি না শুনি, তাহলে আমরা পথ হারাব। তখন আমরা আর সেই সঠিক পথে আসতে পারব না। এটাই আমাদের অঙ্গীকার।’ তিনি বলেন, বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে এসে কোনো মায়ের বুক খালি করতে না পারে, কোনো স্বজনকে হারিয়ে পরিবারকে রাতের পর রাত অপেক্ষা করতে না হয়— এমন পরিবেশ তৈরি করাই সবার লক্ষ্য হওয়া উচিত। বাংলাদেশে ফ্যাসিস্টরা ফিরে এসে আর কোনো মায়ের বুক খালি করতে না পারে, কোনো মাকে স্বজনের ফেরার প্রতীক্ষায় দুই হাত তুলে মোনাজাত করতে না হয়— এ রকম পরিবেশ যাতে আর না হয়, আমাদের সবারই লক্ষ্য এটাই।’
সভায় বাগেরহাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়ে আইন মন্ত্রী বলেন, ‘এখানে কয়েকটা মার্ডার হয়েছে। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি, যার বিরুদ্ধে অভিযোগ আছে, তাকে আইনের আওতায় আনার জন্য। তিনি (অপরাধী) যত শক্তিশালী হোন কেন, বিএনপির কোনো শন্তিশালী নেতা যদি তাকে রক্ষার চেষ্টা করেন, তার ব্যাপারেও আপনারা (আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) জিরো টলারেন্স নীতি দেখাবেন। খুন করে বাইরে ঘুরে বেড়াবে, আর জনগণ বলবে, খুন করলেও কিছু হয় না, পুলিশের হাত এখনো এত দুর্বল হয়নি। আইন আইনের গতিতে চলবে।’
মাদক এখন সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, ‘মাদক কোনো ব্যবসার অংশ হতে পারে না। এখানে আমাদের জিরো টলারেন্স। যদি কোনো নেতা এর পেছনে থেকে থাকেন, তাকেও আমরা সতর্ক করছি। মাদক এখন সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। এটি প্রতিরোধে শুধু ডিসি, এসপি কিংবা রাষ্ট্রের উদ্যোগ যথেষ্ট নয়। সমাজকে মাদক মুক্ত করতে সবার এক সঙ্গে কাজ করতে হবে।’
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাগেরহাট-১ আসনের পার্লামেন্ট মেম্বার মশিউর রহমান খান, বাগেরহাট-৪ আসনের আব্দুল আলিম, খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ অংশ নেন।
এর আগে আইন মন্ত্রী সকালে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিকালে তিনি জেলা পরিষদ অডিটরিয়ামে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।